এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৪ পিএম

দ্বিতীয় ধাপে আজ আরও ১৭১ জন ক্রীড়াবিদকে ভাতার আওতায় এনেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রীড়াবিদদের হাতে ভাতার কার্ড তুলে দেন। শতাধিক ক্রীড়াবিদের মধ্যে প্রথমেই অনুভূতি জানানোর সুযোগ পান জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার।
প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আফিদা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আর ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ ক্রীড়াবিদদের জন্য এমন উদ্যোগ নেওয়ায়। এটা আমাদের ফুটবলারসহ সব খেলোয়াড়ের জন্যই দারুণ উপকারে আসবে।’
আজ ১৮ জন নারী ফুটবলার ভাতা পেয়েছেন। কিন্তু অধিনায়ক মনে করেন, আরও বেশি নারী ফুটবলারকে এই আওতায় আনা দরকার। তিনি প্রতিমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, ‘আমাদের নারী ফুটবলে আরও অনেকে আছে। তাই সামনে সংখ্যাটা আরও বাড়ানোর অনুরোধ করছি। পাশাপাশি একটি ভালো ফুটবল মাঠের ব্যবস্থাও চাই।’
প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াপ্রেমী। আর তাঁর একমাত্র কন্যা জাইমা রহমানও ফুটবল ভালোবাসেন। তাই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফে ভবনে আমন্ত্রণ জানিয়েছেন আফিদা। তিনি বলেন, ‘আপনার মাধ্যমে জেনেছি জাইমা রহমান একজন ফুটবলার। মাননীয় প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানাই।’
এরপর ব্যাডমিন্টন খেলোয়াড় সিফাত উল্লাহ বক্তব্য রাখেন। আবেগতাড়িত হয়ে তিনি বলেন, ‘ব্যাডমিন্টন খেলে কী পাই বা কী করব? এরকম প্রশ্ন শুনতে হতো আগে। এখন এই ভাতা পাওয়ার পর ব্যাডমিন্টনে অনেকেই আগ্রহী হবে। আর “কী পাই বা কী করব”—সেটার উত্তর দেয়া যাবে।’