ঢাকা, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

তারকাহীন দল নিয়েও বাংলাদেশ মাতাতে চায় নিউজিল্যান্ড, নাথান স্মিথের মুখে শোনা গেল বড় স্বপ্নের কথা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৪ পিএম

তারকাহীন দল নিয়েও বাংলাদেশ মাতাতে চায় নিউজিল্যান্ড, নাথান স্মিথের মুখে শোনা গেল বড় স্বপ্নের কথা

তারকা খেলোয়াড়দের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তবে প্রথম ওয়ানডেতে ২৬ রানের জয় দেখিয়েছে তারা। এবার তাদের লক্ষ্য পুরো সিরিজ জিতে নেওয়া। আর সেটা করতে পারলেই যে তা ‘বিশাল ব্যাপার’ হয়ে যাবে, সেটাই জানিয়ে দিলেন কিউই পেসার নাথান স্মিথ।

আজ মিরপুরে সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, ‘বাংলাদেশ অনেক শক্তিশালী দল। আমরা নিউজিল্যান্ডের হয়ে সব কন্ডিশনে মানিয়ে নিতে চাই। আমরা পূর্ণ শক্তির দল নিয়ে আসিনি, তবে এখানে এসে নতুন ক্রিকেটাররা অভিজ্ঞতা নিচ্ছে। এতে দলের গভীরতা বাড়ছে। এমন উইকেটে খেলতে আমরা অত অভ্যস্ত নই। আগের ম্যাচে বাংলাদেশকে চাপে ফেলা দারুণ আনন্দের ছিল। আর সিরিজ জিততে পারলে সেটা হবে বিশাল ব্যাপার!’

প্রথম ম্যাচে দুই স্পিনার খেলিয়েছে নিউজিল্যান্ড। প্রসঙ্গ তুললে স্মিথ বলেন, ‘জেডন লিনক্স ঘরোয়ায় কয়েক বছর ধরে দারুণ করছে। এখানকার কন্ডিশন তার জন্য আরও ভালো হয়েছে। সে এতদিন মিচেল স্যান্টনারের কারণে সুযোগ পায়নি। আর ফক্সি (ফক্সক্রফট) ওয়ানডেতে প্রথমবার বল করে দুর্দান্ত কোয়ালিটি দেখিয়েছে। তাদের লাইন-লেন্থ আর প্ল্যান দেখাটা সত্যিই চমৎকার ছিল।’

ঢাকার গরমে আগে বল করা কতটা কঠিন, সেটাও জানালেন এই পেসার, ‘এই গরমে আগে বল করা অনেক কঠিন। পেসাররা সর্বোচ্চ ২-৩ ওভারের স্পেল করে, তারপর পানি খেয়ে আবার ফিরতে হয়। পুরো টিম এফোর্ট দরকার। যারা খেলছে না তারাও বাউন্ডারির পাশে থেকে পানি দেয়, সাহায্য করে। আমরা সবাই এই ব্যাপারে জানি আর সামলাতে তৈরি।’