এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৪ পিএম

ক্রীড়াঙ্গনের সুপরিচিত নাম শফিকুল ইসলাম মানিক। সাবেক জাতীয় ফুটবলার হয়ে কোচ হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। কিন্তু আজ সকালে বড় শোকের খবর—প্রয়াত হয়েছেন তাঁর স্ত্রী শাম্মি আক্তার। মাত্র ৪৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
মানিকের স্ত্রীর অকাল প্রয়াণে গভীর শোক নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। ষাটোর্ধ্ব মানিক বিয়ে করেছিলেন একটু দেরিতে। তাঁদের ঘর আলো করে আছে একমাত্র কন্যা। সেই ছোট্ট মেয়ে রেখেই খুব অল্প বয়সে সবাইকে ছেড়ে চলে গেলেন শাম্মি আক্তার। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর দ্রুত অবনতি হয় শারীরিক অবস্থার। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর সোবহানবাগ এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
সত্তরের দশক থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত মানিক। আশির দশকে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ফুটবলার হিসেবে শুরু। তারপর দীর্ঘদিন খেলেছেন মোহামেডানে। সুনামের সঙ্গে খেলেছেন জাতীয় দলেও। তবে ফুটবলার ছাপিয়ে তাঁর কোচ পরিচয়ই সবচেয়ে বড়। দুই দশকের বেশি সময় ধরে দেশের শীর্ষ পর্যায়ে কোচিং করছেন তিনি। জাতীয় দলেও কোচিং করেছেন কয়েক বছর।
আশির দশকে ডাকসুর ক্রীড়া সম্পাদকও ছিলেন মানিক। তাঁর ছোট ভাই রফিকুল ইসলাম বাবু ক্রীড়া সংগঠক ও বিসিবির এডহক কমিটির সদস্য। বাফুফে, মোহামেডান ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ব্যক্তিত্ব মানিকের স্ত্রীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।