এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৪ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দারুণ ফুরফুরে মেজাজে বায়ার্ন মিউনিখ। আর এই আনন্দকে আরও বড় করতে আজ রাতে মাঠে নামছে তারা। প্রতিপক্ষ স্টুটগার্ট। এই ম্যাচে জিতলেই তিন ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত হবে জার্মান জায়ান্টদের।
লিগে ২৯ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। শিরোপা দৌড়ে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড। তবে সেই সম্ভাবনাও কেবল কাগজে–কলমে।
৩০ ম্যাচ শেষে ডর্টমুন্ডের পয়েন্ট ৬৪। তাদের বাকি মাত্র চার ম্যাচ। সবকটিতেই জিতলে তারা পাবে সর্বোচ্চ ১২ পয়েন্ট। অর্থাৎ এই মৌসুমে ডর্টমুন্ডের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট ৭৬।
কিন্তু বায়ার্নের পয়েন্ট ইতিমধ্যেই ৭৬। অর্থাৎ ডর্টমুন্ডকে শিরোপা জিততে হলে—প্রথমত, তাদের সব ম্যাচ জিততে হবে; দ্বিতীয়ত, বায়ার্নকে তাদের বাকি সব ম্যাচে হারতেই হবে; তৃতীয়ত, তারপরও গোল ব্যবধানের দিকে তাকাতে হবে। যা প্রায় অসম্ভব বললেই চলে।
আর বায়ার্নের জন্য সমীকরণটা একদম সহজ। ডর্টমুন্ড যেহেতু সর্বোচ্চ ৭৬ পয়েন্টে পৌঁছাতে পারে, তাই নিজেদের শেষ পাঁচ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট তুললেই বায়ার্ন চ্যাম্পিয়ন!