ঢাকা, সোমবার, এপ্রিল ২০, ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

পারমাণবিক ইস্যুতে অনড় ইরান! ইউরেনিয়াম নিয়ে কোনো আপস নয়, যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় বড় ধাক্কা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ পিএম

পারমাণবিক ইস্যুতে অনড় ইরান! ইউরেনিয়াম নিয়ে কোনো আপস নয়, যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় বড় ধাক্কা

ইউরেনিয়াম স্থানান্তর নিয়ে নিজেদের কঠোর অবস্থান আবারও পরিষ্কার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না এবং এটি কোনোভাবেই আপসযোগ্য নয়।

সোমবার (২০ এপ্রিল) তাসনিম নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মুখপাত্র বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কখনোই আলোচনার বিষয় ছিল না। তিনি এটিকে জাতীয় গর্বের অংশ হিসেবে উল্লেখ করেন।

তার ভাষায়, ইরানের মাটি যেমন পবিত্র, তেমনি তাদের বৈজ্ঞানিক অর্জনও পবিত্র। জনগণের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে অর্জিত এসব অর্জন রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা তাদের বৈজ্ঞানিক অগ্রগতি ও দৃঢ়তার প্রতীক। যদি এটি গুরুত্বপূর্ণ না হতো, তাহলে শত্রুরা এত কঠোরভাবে এর বিরোধিতা করত না বলেও মন্তব্য করেন তিনি।

বাকেই স্পষ্ট করে জানান, ইউরেনিয়াম বিদেশে স্থানান্তরের বিষয়টি কখনোই আলোচনার টেবিলে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনায় ফলপ্রসূ কোনো অগ্রগতির সম্ভাবনা নেই।

তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি এবং বারবার অবস্থান পরিবর্তন আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধকে তারা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবেও দেখছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করেছেন। তবে ইরান আগেই জানিয়ে দিয়েছে, অবরোধ না উঠলে কোনো আলোচনায় যাবে না তেহরান।