ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বিরল রোগে সংকটাপন্ন আফগান পেসার শাপুর জাদরান, দিল্লির হাসপাতালে ICU-তে চলছে জীবন-মৃত্যুর লড়াই


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ পিএম

বিরল রোগে সংকটাপন্ন আফগান পেসার শাপুর জাদরান, দিল্লির হাসপাতালে ICU-তে চলছে জীবন-মৃত্যুর লড়াই

ভারতের দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে জীবন-মৃত্যুর লড়াইয়ে আছেন আফগানিস্তান ক্রিকেটের সাবেক তারকা পেসার শাপুর জাদরান। আফগান ক্রিকেটের উত্থানের অন্যতম নায়ক হিসেবে পরিচিত এই ৩৮ বছর বয়সী বাঁ-হাতি পেসার এখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (HLH) নামের একটি বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একাধিক শারীরিক জটিলতা।

জানুয়ারিতে ভারতে আনা হয় চিকিৎসার জন্য

চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য শাপুর জাদরানকে ভারতে আনা হয়। শুরুতেই তার রক্তে শ্বেতকণিকার পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায়। এর পাশাপাশি আগে করা একটি মেরুদণ্ডের অস্ত্রোপচারের পর জটিলতাও দেখা দেয়।

সম্প্রতি করা বোন ম্যারো পরীক্ষায় তার শরীরে HLH ধরা পড়ে, যা ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে।

এছাড়া তার শরীরে যক্ষ্মা ও ডেঙ্গু সংক্রমণও শনাক্ত হয়েছে। সব মিলিয়ে তার রোগ প্রতিরোধ ক্ষমতা এখন মারাত্মকভাবে দুর্বল।

ক্রিকেট বিশ্বে উদ্বেগ ও দোয়ার ঢল

শাপুর জাদরানের এই অবস্থার খবর ছড়িয়ে পড়ার পর ক্রিকেট বিশ্বে নেমে এসেছে গভীর উদ্বেগ ও শোকের ছায়া। অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তার পরিবারের সঙ্গে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “তুমি মাঠের একজন লড়াকু যোদ্ধা ছিলে, আমি জানি এই লড়াইয়েও তুমি জিতবে।”

এছাড়া রশিদ খান, মোহাম্মদ নবী এবং উমর আকমলসহ আরও অনেক ক্রিকেট তারকা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আফগান বোর্ড ও রশিদ খানের সহায়তা

আফগানিস্তান ক্রিকেট বোর্ড বর্তমানে তার চিকিৎসার সব খরচ বহন করছে। পাশাপাশি রশিদ খান তার ভিসা প্রক্রিয়ায় বিশেষভাবে সহায়তা করেছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায়

শাপুর জাদরান ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই ম্যাচে জয়ের রান আসে তার ব্যাট থেকেই।

গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই পেসার। আফগানিস্তানের হয়ে মোট ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে নিয়েছেন ৮০টি উইকেট। এর মধ্যে ওয়ানডেতে ৪৩টি এবং টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট রয়েছে তার।