এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ পিএম

বলিউডে সাহসী ও ভিন্নধর্মী চরিত্রে কাজ করে দর্শকের নজর কাড়া অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। পর্দার বাইরে ব্যক্তিগত জীবনে এক সময় কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন তিনি। বর্তমানে সুখে সংসার করলেও অতীতের সেই অধ্যায় এখনও তাকে নাড়া দেয়।
সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের সেই অন্ধকার সময়ের কথা খোলামেলা ভাবে জানান কাল্কি।
বিচ্ছেদের পর ভেঙে পড়েছিল শরীর-মন
কাল্কি জানান, একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন তিনি অনিদ্রায় ভুগেছিলেন। রাতের পর রাত ঘুম আসত না, আর এই সমস্যা ধীরে ধীরে তার শরীর ও মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে।
তিনি বলেন, “মন আর শরীর যে কতটা একে অপরের সঙ্গে জড়িত, সেটা আমি তখন বুঝতে পেরেছিলাম। মন ভাঙার কারণে আমি মাসের পর মাস ঘুমাতে পারিনি।”
রাতজাগা আর গিটারের সঙ্গ
কষ্টের সেই সময়ের কথা মনে করে কাল্কি আরও জানান, রাতগুলো হয়ে উঠেছিল খুব অস্থির।
“রাত ২টা–৩টার দিকে ঘুম ভেঙে যেত। তারপর আর ঘুম আসত না। শুয়ে থেকেও কিছু হতো না। তাই বাধ্য হয়ে উঠে গিটার বাজাতাম বা অন্য কিছু করতাম,” বলেন তিনি।
বাস্তব আর স্বপ্নের মাঝখানে হারিয়ে যাওয়া
এই দীর্ঘ অনিদ্রা তার দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করেছিল। শুটিং বা কাজের সময়ও তিনি মানসিকভাবে ভীষণ বিভ্রান্ত থাকতেন।
কাল্কির ভাষায়, “যেদিন কাজ থাকত, আমি বুঝতেই পারতাম না আমি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। চারপাশটা খুব গুলিয়ে যেত। টানা চার মাস আমাকে এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে।”
এখন অনেকটাই স্থিতিশীল জীবন
বর্তমানে সেই কঠিন সময় পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরেছেন কাল্কি কোয়েচলিন। তবে সেই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ এবং শরীর-মন একে অপরের সঙ্গে কত গভীরভাবে যুক্ত।