এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ পিএম

ভারতের জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ মানেই বিচারকের আসনে বসে অর্চনা পুরান সিংয়ের প্রাণখোলা হাসি। কিন্তু সেই হাসির আড়ালেই রয়েছে এক ভিন্ন বাস্তবতা।
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘টোস্টার’-এর প্রচারণায় এসে নিজের ক্যারিয়ার নিয়ে খোলাখুলি কথা বলেন এই অভিনেত্রী। জানান, কেন দীর্ঘ সময় তাকে বড় পর্দায় খুব একটা দেখা যায়নি এবং কেন নির্মাতারা ধীরে ধীরে তাকে অফার দেওয়া বন্ধ করে দিয়েছেন।
কপিল শর্মার শো কি বাধা হয়ে দাঁড়িয়েছে?
অনেকেই মনে করেন, ‘দ্য কপিল শর্মা শো’-তে নিয়মিত কাজ করাই হয়তো তার চলচ্চিত্র ক্যারিয়ারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে অর্চনা জানান, বিষয়টি এতটা সরল নয়।
তিনি বলেন, “যখন কপিল শর্মার শো চলত, আমরা বছরে প্রায় ১০০টি এপিসোড শুট করতাম। সেই সময় একটি সিনেমার প্রস্তাব এসেছিল, যার শুটিং স্কটল্যান্ডে টানা ২৫ দিন চলার কথা ছিল। কিন্তু শো ফেলে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি প্রস্তাবটি ফিরিয়ে দিই।”
বারবার ‘না’ বলার পর বন্ধ হয়ে যায় অফার
অর্চনা আরও জানান, একের পর এক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ধীরে ধীরে নির্মাতারা তার কাছে আসা বন্ধ করে দেন।
“বারবার না বলার কারণে মানুষ ভাবতে শুরু করল আমি আর সিনেমা করতে আগ্রহী নই। এরপর আর কেউ প্রস্তাব নিয়ে আসেনি,” বলেন তিনি।
তবে এখন পরিস্থিতি কিছুটা বদলেছে বলে জানান এই অভিনেত্রী। নেটফ্লিক্সে শো আসার পর শুটিংয়ের সময়সূচি কিছুটা নমনীয় হয়েছে, ফলে বাইরের প্রজেক্টে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
“আমাকে শুধু হাসির চরিত্রেই দেখেন সবাই”
সবচেয়ে বড় আক্ষেপের কথাও বলেন অর্চনা পুরান সিং।
তিনি বলেন, “আমি যতই চেষ্টা করি না কেন, কেউ আমাকে অভিনেত্রী হিসেবে দেখতে চায় না। সবাই ভাবে আমি শুধু ওই চেয়ারে বসে হাসি।”
এই ধরনের ধারণা তার ক্যারিয়ার সুযোগ কমিয়ে দিচ্ছে বলেও মনে করেন তিনি।
ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত
উল্লেখ্য, ১৯৮৭ সালে নাসিরুদ্দিন শাহের বিপরীতে ‘জলওয়া’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নজর কাড়েন অর্চনা পুরান সিং। এরপর ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘দে দানা দান’, ‘বোল বচ্চন’-এর মতো বহু জনপ্রিয় সিনেমায় তাকে দেখা গেছে কমেডি ও পার্শ্ব চরিত্রে।
২০১৯ সাল থেকে তিনি যুক্ত আছেন ‘দ্য কপিল শর্মা শো’-তে, যা তাকে নতুন করে জনপ্রিয়তা এনে দিয়েছে, তবে বড় পর্দার সুযোগ কমিয়ে দিয়েছে বলেই তার ধারণা।