এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে এর মধ্যে কোনো স্পষ্ট চুক্তি না হলে এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
টেলিফোনে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এই সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছেন না।
চুক্তি নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ ট্রাম্প। তিনি বলেন, কোনো খারাপ চুক্তিতে সই করার জন্য তিনি তাড়াহুড়ো করবেন না এবং তাদের হাতে যথেষ্ট সময় রয়েছে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে কী হবে—এ প্রশ্নে তিনি সরাসরি যুদ্ধের ইঙ্গিত দেন। তার ভাষায়, চুক্তি না হলে পরিস্থিতি আবার যুদ্ধের দিকেই যাবে।
এর আগে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ট্রাম্পের অবস্থানে বেশ অসঙ্গতি দেখা গেছে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে একই প্রশ্নে তিনি একাধিকবার ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছিলেন।
তবে সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার সাম্প্রতিক বক্তব্যে কঠোর অবস্থানের আভাস স্পষ্ট হয়ে উঠেছে, যা পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।