ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩
Logo
logo

আলোচনার নামে ফাঁদ? ট্রাম্পের চাল ভেস্তে দিয়ে পাল্টা যুদ্ধের প্রস্তুতি ইরানের!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

আলোচনার নামে ফাঁদ? ট্রাম্পের চাল ভেস্তে দিয়ে পাল্টা যুদ্ধের প্রস্তুতি ইরানের!

হুমকি আর চাপের মুখে কোনো আলোচনা নয়—এবার সরাসরি এমন কড়া অবস্থান জানিয়ে দিল ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট করে বলেছেন, যুদ্ধের জন্য নতুন কৌশল নিয়ে পুরোপুরি প্রস্তুত তেহরান।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে দেওয়া এক বার্তায় তিনি জানান, যেকোনো নতুন আগ্রাসনের মুখে রণক্ষেত্রে নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত ইরান। এই তথ্য জানিয়েছে মেহের সংবাদ সংস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প সম্পূর্ণ ভ্রান্ত ধারণার ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। দুই সপ্তাহ আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা এবং নৌ অবরোধ আরোপকে তিনি মার্কিন প্রশাসনের চরম দুঃসাহস বলে উল্লেখ করেন।

গালিবাফের ভাষায়, “অবরোধ আরোপ আর যুদ্ধবিরতি ভেঙে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন। কিন্তু এটি তার ভুল ধারণা। তিনি আসলে নতুন করে যুদ্ধ বাধানোর অজুহাত খুঁজছেন।”

তিনি আরও স্পষ্ট করে দেন, কোনো ধরনের হুমকি বা চাপের মধ্যে ইরান কখনো আলোচনায় বসবে না। তার কথায়, “হুমকির ছায়ায় কোনো আলোচনা আমরা মেনে নেব না। গত দুই সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে আমাদের গোপন শক্তি ও নতুন কৌশল দেখানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি।”

ওমান সাগরে ইরানি পণ্যবাহী জাহাজে মার্কিন হামলার পর যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই গালিবাফের এই কঠোর বার্তা পরিস্থিতিকে আরও স্পষ্ট করে দিল।

এদিকে ইরানের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় রয়েছে। যেকোনো পরিস্থিতিতে দেশের সক্ষমতার ওপর ভরসা রেখে জবাব দিতে প্রস্তুত তারা।