ঢাকা, বুধবার, এপ্রিল ২২, ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩
Logo
logo

আরেকবার আগ্রাসন মানেই শেষ! ইরানি কমান্ডারের কড়া হুঁশিয়ারিতে কাঁপছে উপসাগরীয় অঞ্চল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

আরেকবার আগ্রাসন মানেই শেষ! ইরানি কমান্ডারের কড়া হুঁশিয়ারিতে কাঁপছে উপসাগরীয় অঞ্চল

মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান শান্তি আলোচনা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময় প্রায় শেষের দিকে এলেও এখন পর্যন্ত কোনো স্পষ্ট সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি।

আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ইসলামাবাদে প্রতিনিধিদল পাঠানোর কথা বললেও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থানে অনড় থেকে আলোচনায় বসার সিদ্ধান্ত থেকে সরে আছে। তবে পাকিস্তান দুই দেশকে ইসলামাবাদে আলোচনার টেবিলে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের পক্ষ থেকে নতুন করে কঠোর সতর্কবার্তা এসেছে। ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পসের এরোস্পেস বিভাগের প্রধান জেনারেল মাজিদ মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুদ্ধ আবার শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেল শিল্প ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানি গণমাধ্যমে দেওয়া বক্তব্যের বরাতে এই তথ্য জানানো হয়েছে।

জেনারেল মুসাভি স্পষ্টভাবে বলেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে সেটি হবে “বড় ভুল সিদ্ধান্ত”। তার মতে, যদি প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলার সুযোগ দেয়, তাহলে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

তিনি আরও সতর্ক করে বলেন, দক্ষিণের প্রতিবেশীরা যদি শত্রু শক্তিকে তাদের ভূমি ব্যবহার করতে দেয়, তাহলে পুরো অঞ্চলের তেল উৎপাদনই বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

জানা গেছে, বর্তমানে উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং সেনা মোতায়েন রয়েছে। এই বিষয়টি নিয়ে তেহরান দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট এবং পরিস্থিতি নিয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।