ঢাকা, বুধবার, এপ্রিল ২২, ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩
Logo
logo

রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম বার্মিংহ্যাম ফিনিক্সে বিনিয়োগ করে দ্য হান্ড্রেডে আলোচনায়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম বার্মিংহ্যাম ফিনিক্সে বিনিয়োগ করে দ্য হান্ড্রেডে আলোচনায়

ইংল্যান্ডের ফরোয়ার্ড জুড বেলিংহাম এবার মাঠের বাইরে বড় সিদ্ধান্ত নিয়ে আলোচনায়। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ তারকা ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর নতুন মৌসুমের আগে বার্মিংহ্যাম ফিনিক্স দলের অংশীদারিত্ব কিনেছেন।

স্টুরব্রিজে বেড়ে ওঠা এবং বার্মিংহাম সিটির সাবেক মিডফিল্ডার বেলিংহাম দলটির ১.২ শতাংশ শেয়ার কিনেছেন। অন্যদিকে ৫০.৪ শতাংশ শেয়ারের মাধ্যমে দলের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ রয়েছে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হাতে।

বার্মিংহাম সিটির মালিকানাধীন কোম্পানি নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্টের হয়ে ৪৮.৪ শতাংশ শেয়ার কিনেছেন এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি।

ফিনিক্সের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিয়ে বেলিংহাম বলেন, “আমার মনে হয় এই শহরের কাছে আমি কিছু ঋণী। আর এটিই সেরা উপায় বলে মনে হচ্ছে।”

ওয়ারউইকশায়ার কাউন্টি ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান। বেলিংহাম বলেন, ভাই জোবে বেলিংহামের সঙ্গে ছোটবেলায় ক্রিকেট খেলতে গিয়ে প্রায়ই ঝগড়া হতো। এখন ফুটবলের বাইরে ক্রিকেট দেখা তার অন্যতম প্রিয় কাজ।

তিনি আরও বলেন, “ফুটবলের বাইরে ক্রিকেট দেখা আমার খুব পছন্দ। আমি টেস্ট ম্যাচ সবচেয়ে বেশি উপভোগ করি, যখন পুরো দিন ধরে খেলা দেখি। কিংবা অনুশীলনের পর বিকেলে এসে দেখি।”

আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ১০০ বলের এই ক্রিকেট প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’।