ঢাকা, বুধবার, এপ্রিল ২২, ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩
Logo
logo

নিগারের একার লড়াই, অল্প পুঁজিতে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

নিগারের একার লড়াই, অল্প পুঁজিতে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ

রাজশাহীতে নারীদের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ জটিল করে জিতেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে শুরু থেকেই ধাক্কা খেতে হয় স্বাগতিকদের।

মাত্র ৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা, তার হাফ সেঞ্চুরিতে কিছুটা ঘুরে দাঁড়ায় দল।

তবে শেষ পর্যন্ত বড় স্কোর গড়া সম্ভব হয়নি। বাংলাদেশ টেনেটুনে ১৫০ রান পার করে ৪৫.৫ ওভারে অলআউট হয় ১৬৫ রানে।

শ্রীলঙ্কার মালকি মাদারা তার প্রথম দুই ওভারেই জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তারকে ফিরিয়ে দেন। আগের ম্যাচে ৮৬ রান করা শারমিন এবার ৬ বল খেলে শূন্য রানে আউট হন।

শারমিন ও নিগারের মধ্যে ৪৫ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও শারমিনের বিদায়ের পর আবারও ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

১১১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর নিগার সুলতানা ও নাহিদা আক্তার মিলে ৩৩ রানের আরেকটি প্রতিরোধ গড়েন। তবে নিগারের আউটে সেই জুটিও ভেঙে যায়।

অধিনায়ক নিগার সুলতানা তার নবম ওয়ানডে ফিফটিতে ১০১ বলে ৪টি চারের সাহায্যে ৫৮ রান করেন।

নাহিদা আক্তার ২০ রান করেন, রাবেয়া খান করেন ১৫ রান। এছাড়া রিতু মনি ১৭ এবং স্বর্ণা আক্তার ১৬ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার বোলিংয়ে চামারি আতাপাত্তু নেন সর্বোচ্চ ৩ উইকেট। মালকি মাদারা, নিমাশা মিপাগে ও ইনোকা রানাভিরা নেন ২টি করে উইকেট।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ এখন শ্রীলঙ্কাকে আটকে দেওয়ার কঠিন চ্যালেঞ্জের মুখে।