এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

ভারতের মাটিতে আবারও বড় পরীক্ষা বাংলাদেশের সামনে। সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামা বাংলাদেশ নারী ফুটবল দল এবার গ্রুপেই পেল স্বাগতিক ভারতকে।
ভারতের গোয়ায় ২৫ মে শুরু হচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। আজ বুধবার ঢাকায় সাফের কার্যালয়ে অনুষ্ঠিত ড্রয়ে বর্তমান দুই বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে।
গতকাল প্রকাশিত ফিফা নারী র্যাঙ্কিং অনুযায়ী টুর্নামেন্টে অংশ নেওয়া ছয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এই র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই সাফ ছয় দলকে তিনটি পটে ভাগ করে। বাংলাদেশ ছিল দুই নম্বর পটে শ্রীলঙ্কার সঙ্গে।
সেই পট থেকেই প্রথম দল হিসেবে বাংলাদেশের নাম তোলা হয় ‘বি’ গ্রুপে। এরপর গ্রুপে যুক্ত হয় স্বাগতিক ভারত। তৃতীয় পট থেকে যুক্ত হয়েছে মালদ্বীপ, ফলে কঠিন এক গ্রুপেই পড়েছে ঋতুপর্ণাদের দল।
এই টুর্নামেন্টে ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি দল খেলবে দুইটি করে ম্যাচ। দুই ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।
‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। শক্তির বিচারে এই গ্রুপে এগিয়ে নেপালকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরা হচ্ছে। তাই ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে নেপালকে এড়াতে পারবে বাংলাদেশ।
ভারতের মাটিতে বাংলাদেশের খেলা নিয়ে এবার আলাদা আগ্রহও তৈরি হয়েছে। নিরাপত্তার কারণে এর আগে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি। পরে শুটিংয়ের ক্ষেত্রে অনুমতি দেয় ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় নির্বাচনের পর দুই দেশের সম্পর্ক কিছুটা উন্নত হওয়ায় এবার নারী দলকে পাঠাতে ইতিবাচক অবস্থানে রয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
হ্যাটট্রিক সাফ শিরোপার লক্ষ্য নিয়ে বাংলাদেশ দল আগামী পরশু চট্টগ্রামে শুরু করবে কঠিন প্রস্তুতি ক্যাম্প। পাশাপাশি দেশের বাইরে গিয়ে প্রস্তুতির পরিকল্পনাও রয়েছে দলের।