ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
Logo
logo

তুমেন নদীর ওপর রাশিয়া-উত্তর কোরিয়া সেতু উদ্বোধন শিগগিরই, বাণিজ্য ও যোগাযোগে আসছে বড় পরিবর্তন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

তুমেন নদীর ওপর রাশিয়া-উত্তর কোরিয়া সেতু উদ্বোধন শিগগিরই, বাণিজ্য ও যোগাযোগে আসছে বড় পরিবর্তন

রাশিয়া এবং উত্তর কোরিয়ার সীমান্ত ভাগ করা তুমেন নদীর ওপর নির্মিত নতুন সেতুর কাজ প্রায় শেষ। খুব শিগগিরই এই সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএ।

২০২৪ সালে উত্তর কোরিয়া সফর করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সফরেই এই সেতু নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। প্রায় এক বছর পর শুরু হয় নির্মাণকাজ।

তুমেন নদীর ওপর সেতুটির কাজ শেষ পর্যায়ে— এমন তথ্য নিশ্চিত করেছে উত্তর কোরিয়ায় অবস্থিত রুশ দূতাবাসও। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুনের মধ্যে প্রায় ৮৫০ মিটার (২ হাজার ৭৮৯ ফুট) দীর্ঘ এই সড়কসেতুর নির্মাণ শেষ হবে। সেতুটি রাশিয়ার হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে।

তবে সেতুটি ঠিক কবে উদ্বোধন করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কেসিএনএ বা রুশ দূতাবাস।

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে মোট ১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার পুরোটাই তুমেন নদীকেন্দ্রিক। নদীর এক পাশে রাশিয়ার প্রিমোরস্কি ক্রাই অঞ্চলের খাসানস্কি জেলা এবং অন্য পাশে উত্তর কোরিয়ার রাসন শহর।

এই নদীর ওপর আগে থেকেই একটি রেলসেতু রয়েছে, যা ১৯৫৯ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সময় নির্মিত হয়েছিল। এবার সেই নদীর ওপরই তৈরি হচ্ছে নতুন সড়কসেতু।

রাশিয়ার প্রিমোরস্কি ক্রাই অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমায়াকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, এই সেতু চালু হলে রাশিয়ার ‘পূর্বাঞ্চলীয় রাজধানী’ ভ্লাদিভস্তক থেকে উত্তর কোরিয়ার রাসন শহরের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার কমে যাবে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পর্যটনে নতুন গতি আসবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। রাশিয়ার মন্ত্রীরা নিয়মিত উত্তর কোরিয়া সফর করছেন।

সম্প্রতি, বুধবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন-এর সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ।

এর একদিন আগে, মঙ্গলবার উত্তর কোরিয়ার ওনসান শহর সফর করেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। সেখানে রাশিয়া-উত্তর কোরিয়া মৈত্রী হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।