এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের অবরোধ চলতে থাকা এবং যুদ্ধবিরতি ঘিরে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে আজ বৃহস্পতিবার দিনের শুরুতেই প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৫ দশমিক ৬৩ ডলারে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৭৩ ডলারে।
জ্বালানি বাজার বিশ্লেষণকারী সংস্থাগুলোর তথ্য উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবারের তুলনায় বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৩ দশমিক ৬২ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম বেড়েছে ৪ দশমিক ০৬ শতাংশ। গড়ে দুই ধরনের তেলের দামই প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের মোট জ্বালানির প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়েই পরিবহন করা হয়।
গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। বর্তমানে এই গুরুত্বপূর্ণ পথের নিয়ন্ত্রণে রয়েছে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)।
হরমুজ বন্ধ হওয়ার পর ইরান সরকার জানায়, যুদ্ধ চলাকালে কোনো জাহাজ এই পথ অতিক্রম করতে চাইলে সংশ্লিষ্ট ক্যাপ্টেনকে অবশ্যই আইআরজিসির অনুমতি নিতে হবে।
অন্যদিকে, টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে ইরান ও যুক্তরাষ্ট্র। এরপর ১২ এপ্রিল হরমুজ প্রণালি এবং ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অবরোধ এখনো কার্যকর রয়েছে।
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যেখানে অস্থিরতা দিন দিন আরও বাড়ছে।