ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরানকে ছুড়ে ফেলে ইতালি যেন বিশ্বকাপ খেলে! ট্রাম্পের বিশেষ দূতের চমকানো প্রস্তাব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

ইরানকে ছুড়ে ফেলে ইতালি যেন বিশ্বকাপ খেলে! ট্রাম্পের বিশেষ দূতের চমকানো প্রস্তাব

ফুটবল বিশ্বকাপে যোগ হচ্ছে নতুন রংচং! এবার ক্রীড়াঙ্গনে নয়, রাজনীতির মাঠে শোনা গেল এক মস্ত বিতর্কিত প্রস্তাব। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ট্রাম্পের কাছে প্রস্তাব দিয়েছেন—আসন্ন বিশ্বকাপে ইরানের জায়গায় যেন সুযোগ পায় ইতালি।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ান ইতালি। অথচ চলতি বিশ্বকাপে তাদের নেই। প্লে-অফে হেরে বসে থাকতে হচ্ছে। জাম্পোল্লির ভাষ্য, “ইতালির মতো দলের বিশ্বকাপে খেলা উচিত। ইরানের বদলে ইতালিকে নেওয়ার সম্ভাবনা নিয়েই আমি আলোচনা করেছি।”

এই প্রস্তাব, শুধু ফুটবল নিয়ে নয়। বরং কূটনীতির অঙ্গনেও তৈরি করেছে তোলপাড়। মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও ইতালির সম্পর্ক এখন যেখানে উত্তপ্ত, সেখানে ফুটবলকে অস্ত্র বানিয়ে নতুন খেলা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, সম্প্রতি ইরান নিয়ে পোপের মন্তব্যে ক্ষোভ দেখান ট্রাম্প। এতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দূরত্ব তৈরি হয়। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সেই সম্পর্ক মেরামত করতেই এই ফুটবল ফন্দি!

তবে ফিফা বস বসে নেই। ইনফান্তিনো সাফ জানিয়ে দিয়েছেন, ‘মাঠের ফুটবলই ফুটবল। ইরান খেলে যোগ্যতা অর্জন করেছে, তারা খেলতে চায় আর খেলাও উচিত।’

ইরানও জানিয়েছে, দল বিশ্বকাপ খেলতেই বদ্ধপরিকর। তাই বাস্তবে এই প্রস্তাব কতটা টেকসই—সে প্রশ্ন এখন ফুটবলপ্রেমীদের মনে। আরও বড় প্রশ্ন হলো, বিশ্বকাপের মাঠে রাজনীতির হস্তক্ষেপ কতটা জায়েজ? উত্তরটা যেন হাওয়াতেই মিলিয়ে গেল!