ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
Logo
logo

শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটি! বাংলাদেশ পেল চ্যালেঞ্জিং পুঁজি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটি! বাংলাদেশ পেল চ্যালেঞ্জিং পুঁজি

চট্টগ্রামের মাঠে শুরুটা ছিল ভয়াবহ। ৯ রানের ভিতরেই ২ উইকেট। তাতে কি! ঘুরে দাঁড়াল টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের জয়াল জুটিতে ২৬৫ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ জিততে হলে নিউজিল্যান্ডকে ২৬৬ রান করতে হবে।

টস জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দ্বিতীয় বলেই ফিরে যান সাইফ হাসান (০)। তানজিদ তামিম (১) ফিরতেই ৯ রানে ২ উইকেট। সৌম্য সরকার (১৮) ফিরলে অবস্থা আরও শোচনীয়। কিন্তু সেখান থেকে ডুবতে দিলেন না শান্ত-লিটন।

দুই ব্যাটার মিলে গড়েন ১৬০ রানের অনবদ্য জুটি। লিটন ৭৬ রান করে ফিরলে শান্ত এক প্রান্ত আগলে রাখেন। ইনিংসের শেষ দিকে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি—ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ। ১১৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০৫ রানের ইনিংসটি ছিল শান্তর ক্যারিয়ারের অন্যতম সেরা।

শান্ত ফিরলে শেষ দিকে তাওহীদ হৃদয় (৩৩) ও মুস্তাফিজুর রহমান (৩) অপরাজিত থাকেন। মিরাজ (২২), শরিফুল (১) ও তানভীর (০) বেশিক্ষণ টিকতে পারেননি।

বলার অপেক্ষা রাখে না, শুরুর ধাক্কা সামলে যে লড়াইটা দেখাল টাইগাররা—সেটা সত্যিই অসাধারণ। এখন বল হাতে পারফরম্যান্স দরকার। সিরিজটা হাতছাড়া না করতে চাইলে বোলারদেরও আগুন ঝরাতে হবে।