এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব। নানা ধরনের চরিত্রে অভিনয় করে বারবার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। তবে সম্প্রতি তার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে এসেছে এক বড় পরিবর্তন। বিশেষ করে ‘খোয়াবনামা’ ও ‘চক্র’ সিরিজের সাফল্য তাকে জীবনের এক নতুন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ খোলামেলা কথা বলেছেন তার আধ্যাত্মিক পরিবর্তন এবং ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তিনি জানান, ‘খোয়াবনামা’ নাটকের কাজ করতে গিয়েই মৃত্যু ও পরকাল নিয়ে গভীর একটা উপলব্ধি তৈরি হয়েছে তার মধ্যে।
তৌসিফ বলেন, ‘আসলে জীবনটা দারুণ ক্ষণস্থায়ী। যেকোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আমাদের সব সময়ই তৈরি থাকা উচিত। এই জীবন আসলে তেমন কিছু না, মূল আসল হলো পরকাল।’
সাধারণ ধারণা হলো, বয়স বাড়লেই মানুষ ধর্মকর্মে মন দেয়। কিন্তু তৌসিফ সেই ধারণা ভেঙে এখন থেকেই নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘“খোয়াবনামা” করার পর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি। আগে ইচ্ছে থাকলেও হয়তো এক বা দুই ওয়াক্ত পড়তাম। ভাবতাম একদিন শুরু করব। কিন্তু এখন মনে হয়, আরও আগেই শুরু করা উচিত ছিল।’
অভিনেতা আরও জানান, পর্দায় তিনি যেসব চরিত্র করেন, সেগুলো তার ব্যক্তিজীবনেও প্রভাব ফেলে। বিশেষ করে কবরের আজাব বা আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করার পর থেকে তার জীবনদৃষ্টি বদলে গেছে। তিনি মনে করেন, দর্শকদের যা শেখাতে চান, তা আগে নিজের মধ্যে ধারণ করা জরুরি।
অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মে ‘চক্র’ সিরিজের দারুণ সাফল্য তৌসিফকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে। ভক্তদের মনে অনেক দিনের প্রশ্ন ছিল— তৌসিফ মাহবুবকে কবে বড় পর্দায় দেখা যাবে? অভিনেতা বলেন, ‘সিনেমায় হঠাৎ করে ঢুকে পড়া যায় না, এর জন্য প্রস্ততি দরকার। নিজেকে প্রমাণ করতে হয় যে মানুষ টাকা খরচ করে আমার অভিনয় দেখবে কি না। “চক্র” ব্যবসা ও সৃজনশীল দুদিক থেকেই সফল হওয়ায় আমি সেই সাহস পেয়েছি।’