ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
Logo
logo

টানা সাড়ে ৮ ঘণ্টা ইডির জেরায় নুসরাত! কী অভিযোগ উঠেছে?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

টানা সাড়ে ৮ ঘণ্টা ইডির জেরায় নুসরাত! কী অভিযোগ উঠেছে?

ফ্ল্যাট দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে এবার আইনি জটিলতায় পড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার (২৩ এপ্রিল) কলকাতার সিজিও কমপ্লেক্সে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল সাংবাদিকদের ভিড়। সকাল সকাল স্বামী যশ দাশগুপ্তর হাত ধরে ইডি দফতরে পৌঁছান নুসরাত। গাড়ি থেকে নামার পর সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেও কিছু বলেননি তিনি। যশের হাত ধরে সরাসরি চলে যান ইডি দফতরের ভেতরে।

তদন্ত সূত্রে জানা গেছে, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকশ প্রবীণ নাগরিকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। ২০১৪-১৫ সালে ওই সংস্থাটি প্রায় ৪০০ জন প্রবীণ নাগরিকের কাছ থেকে মাথাপিছু সাড়ে ৫ লাখ টাকা করে নিয়েছিল। অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গ্রাহকরা ফ্ল্যাট পাননি, তাদের টাকাও ফেরত দেওয়া হয়নি।

তদন্তকারীরা বলছেন, ওই সংস্থায় ডিরেক্টর পদে ছিলেন নুসরাত জাহান। সংস্থাটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই ইডির নজরে রয়েছেন এই অভিনেত্রী। এর আগে ২০২৩ সালেও একই মামলায় তাকে ডাকা হয়েছিল। ইডি সূত্রের খবর, সম্প্রতি তদন্তে কিছু নতুন তথ্য ও নথি হাতে আসায় নুসরাতকে আবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ে।

সকাল থেকে শুরু হওয়া এই জিজ্ঞাসাবাদ চলে সন্ধ্যা পর্যন্ত। টানা সাড়ে ৮ ঘণ্টা ইডি কর্মকর্তাদের নানা প্রশ্নের উত্তর দেন নুসরাত। তদন্তের স্বার্থে তার বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে দফতর থেকে বেরোনোর সময়ও মিডিয়ার সামনে মুখ খোলেননি তিনি।