ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
Logo
logo

মা হচ্ছেন দীপিকা, তাহলে ‘রাকা’ থেকে বাদ পড়ছেন তিনি? এল বড় চমক!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

মা হচ্ছেন দীপিকা, তাহলে ‘রাকা’ থেকে বাদ পড়ছেন তিনি? এল বড় চমক!

সিনেমাপ্রেমীরা তো প্রহর গুনছেন— কবে দেখা মিলবে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন আর বলিউড কুইন দীপিকা পাড়ুকোনের জুটি। পরিচালক অ্যাটলির আসন্ন বড় বাজেটের সিনেমা ‘রাকা’ ঘিরে যখন আগ্রহের পারদ চড়ছে, ঠিক তখনই গুঞ্জন উড়ছে বিনোদন জগতে। প্রশ্ন উঠেছে— সেকেন্ড টাইম মা হতে যাওয়ায় কি আল্লু অর্জুনের এই সিনেমা ছেড়ে দেবেন দীপিকা?

অবশেষে এই জল্পনার অবসান ঘটালেন নির্মাতা নিজেরাই। সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার খবর বেরোনোর পর থেকেই নানা কথা শোনা যাচ্ছিল। কেউ বলছিলেন সিনেমা ছাড়ছেন, আবার কারও দাবি চরিত্র ছোট করে ফেলা হচ্ছে। তবে দীপিকার ভক্তদের জন্য দুর্দান্ত খবর হলো— ‘রাকা’ টিম এমন সব গুঞ্জন একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

একটি অফিসিয়াল বিবৃতিতে সিনেমার নির্মাতারা জানিয়েছেন, ছবির পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি। তাদের কথায়, ‘সবকিছু ঠিক আগের মতোই চলছে। দীপিকা পাড়ুকোন “রাকা” সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করছেন। তিনি আছেন— এটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই।’

গর্ভবতী অবস্থায়ও নিজের কাজের প্রতি কোনো ছাড় দেননি বলিউড কুইন। এই অবস্থাতেই বেশ কিছু কঠিন অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন তিনি। তবে সেটে তার ও অনাগত সন্তানের নিরাপত্তার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রথম সন্তান ‘দুয়া’র পর রণবীর ও দীপিকা যখন দ্বিতীয় সন্তানের আগমনে প্রস্তুতি নিচ্ছেন, তখন কাজের প্রতি দীপিকার এমন পেশাদারি মনোভাব দেখে মুগ্ধ গোটা ইন্ডাস্ট্রি।

উল্লেখ্য, সান পিকচার্সের প্রযোজনায় ‘রাকা’ ২০২৭ সালে মুক্তি পাবে। আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশিত প্রথম লুকই দারুণ ভাইরাল হয়েছে। ন্যাড়া মাথার এক ভয়ংকর লুকে পর্দার ‘পুষ্পা’কে দেখার জন্য আগ্রহের কমতি নেই দর্শকদের। আর সেই সিনেমায় দীপিকার উপস্থিতি যোগ করবে এক অনন্য মাত্রা।