ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

হিজবুল্লাহকে ‘দুষ্ট ছেলে’ বললেন মার্কিন দূত! ক্ষোভে ফেটে পড়ল ইরানপন্থীরা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

হিজবুল্লাহকে ‘দুষ্ট ছেলে’ বললেন মার্কিন দূত! ক্ষোভে ফেটে পড়ল ইরানপন্থীরা

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, হিজবুল্লাহ একটা ‘পাড়ার দুষ্ট ছেলে’। আর এই মন্তবেই যেন বাজ পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষ করে ইরানপন্থী মহলে এখন তীব্র প্রতিক্রিয়া।

হোয়াইট হাউসের এক আলোচনা সভায় হাকাবি বলেন, ইসরায়েল আর লেবাননের সাধারণ মানুষ প্রতিবেশী হিসেবে শান্তিতে থাকতে চায়। কিন্তু হিজবুল্লাহর কর্মকাণ্ডই যেন সেই শান্তির পথে কাঁটার বেড়া।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘পাড়ায় একজন দুষ্টু ছেলে থাকলেও যেমন জানালায় পাথর ছোড়ে। ওই আচরণ বন্ধ করতে পারলেই প্রতিবেশীরা মিলেমিশে থাকতে পারে, একসঙ্গে কাজ করতে পারে।’

মার্কিন দূতের দাবি, দুই দেশের সাধারণ মানুষ শান্তি ও সহযোগিতা চায়। সেটা পেতে হলে উসকানিমূলক কাজকর্ম বন্ধ হতেই হবে।

কিন্তু ইরানপন্থী বিশ্লেষকরা বলছেন—একপেশে কথা বলছেন হাকাবি। তাঁদের মতে, মধ্যপ্রাচ্যের এই জটিল সংঘাতের বহু দিক আছে। এক পক্ষকে দায়ী করে সমস্যার সমাধান হবে না।

বিশ্লেষকরা আরও মনে করেন, ‘দুষ্ট ছেলে’ জাতীয় কথায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। এতে আঞ্চলিক বাস্তবতা উপেক্ষিত হয়।

সব মিলিয়ে, মার্কিন দূতের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের ক্যানভাসে নতুন বিতর্ক এঁকে দিয়েছে। আর ইরানপন্থী ক্যাম্প থেকে উঠে এসেছে গভীর রাজনৈতিক প্রশ্ন।