ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইউক্রেনের ভয়ংকর ড্রোন! হাজার কিলোমিটার দূর থেকেই শত্রু নিধন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

ইউক্রেনের ভয়ংকর ড্রোন! হাজার কিলোমিটার দূর থেকেই শত্রু নিধন

যুদ্ধ যত এগোচ্ছে, প্রযুক্তিও তত আধুনিক হচ্ছে। আর তার সবচেয়ে বড় উদাহরণ এখন ইউক্রেন। দেশটি তৈরি ফেলেছে এক অনন্য ড্রোন, যা হাজার কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করে শত্রুর ঘাঁটি গুঁড়িয়ে দিতে পারে!

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, এই ‘ইন্টারসেপ্টর ড্রোন’ পুরোপুরি রিমোট কন্ট্রোলের মাধ্যমে উড়ানো যায়। আর এর কাজ হলো শত্রুর আকাশযান বা অন্য ড্রোনকে আকাশেই খতম করে দেওয়া।

তার ভাষায়, ‘এটা একদম নতুন ধরনের ছোট আকারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভবিষ্যতে যুদ্ধের ধরন বদলে দিতে পারে এই ড্রোন।’

ফেদোরভের দাবি, এই ড্রোন দিয়ে ইতিমধ্যে শত শত এবং হাজার কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করার প্রমাণ মিলেছে। তিনি বলেন, দূর থেকে ড্রোন চালিয়ে যুদ্ধ করার এই পদ্ধতি নিয়মিত ব্যবহারে ইউক্রেনই বিশ্বের প্রথম দেশ।

মজার ব্যাপার হলো, ২০২২ সালে যখন রাশিয়া পূর্ণমাত্রায় হামলা চালায়, তখন ইউক্রেনের নিজস্ব ড্রোন উৎপাদনের সক্ষমতা ছিল প্রায় শূন্যের কোঠায়। কিন্তু সময়ের সঙ্গে তারা গড়ে তুলেছে শক্তিশালী ড্রোন শিল্প। গত বছরই প্রায় ৪৫ লাখ ড্রোন তৈরি করেছে তারা। আর এবার সেই সংখ্যা আরও বেড়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এই নতুন প্রযুক্তির সুবিধা অনেক। ড্রোন ভূপাতিত করার সফলতা বাড়ছে, অপারেটরদের ঝুঁকি কমছে, আর সামনের কাঁটা-ঘন যুদ্ধক্ষেত্রে না গেলেও দূর থেকে অভিযান চালানো যাচ্ছে।

তবে রাশিয়া যে একদম থেমে আছে, তা কিন্তু নয়। রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এখনো বিপুল ক্ষতির মুখে পড়ছে ইউক্রেন। সম্প্রতি এক বড় হামলায় মৃতের সংখ্যা ১৭-তে পৌঁছেছে। ইউক্রেন বলছে, তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও কিছু টার্গেটে আঘাত এড়ানো যায়নি।

অন্য দিকে ইউক্রেন এখন ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যৌথভাবে অস্ত্র বানাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও ড্রোন প্রতিরক্ষা নিয়ে সহযোগিতা বাড়াচ্ছে তারা।

মূলকথা, ইউক্রেনের এই ড্রোন উত্থান বিশ্বের সামরিক ব্যালান্স শীটে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এখন দেখার বিষয়, এই প্রযুক্তি কি শান্তি আনে, নাকি আরও ভয়ংকর অস্ত্রের দৌড় শুরু করে দেয়।