এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

ঘরের মাঠে বসে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারল নিউজিল্যান্ড। টম ল্যাথামের দল ২-১ ব্যবধানে টাইগারদের কাছে উড়ে গেল। শেষ ওয়ানডেতে ৫৫ রানে জিতে সিরিজ নিজের নামে লেখায় নাজমুল হোসেন শান্তর দল।
হার মানার পর নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম কিন্তু হাল ছাড়ছেন না। বরং বলছেন, ‘এই হারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করে ল্যাথাম বলেন, ‘বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতেই হবে। তারা আমাদের চাপে রেখেছে। এখানকার কন্ডিশনে খেলে অনেক কিছু শেখা যায়, যা ভবিষ্যতে কাজে দেবে। অনেকে প্রথমবার বাংলাদেশ সফরে এসেছে। চাপের মধ্যে পড়ে ব্যাটিং হোক বা বোলিং—সবাই অনেক কিছু শিখবে। আশা করি, এখানকার অভিজ্ঞতা সামনে আরও ভালো করাবে।’
নিজেদের অনভিজ্ঞ দল নিয়ে ল্যাথাম জানান, ‘হ্যাঁ, আমাদের দলে অনেক অনভিজ্ঞ ক্রিকেটার আছে। আমি বা নিকোলস চেয়েছিলাম দলে আরও অবদান রাখতে। সেটা পারিনি। তবে এখানে ছেলেরা বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। অভিজ্ঞতা দারুণ হয়েছে। অনেকে এখন টি-টোয়েন্টি খেলতে থাকবে। চেষ্টা থাকবে, সামনের সিরিজে এই শিক্ষাটা যেন কাজে লাগাতে পারি।’
শান্তদের ব্যাটিং প্রসঙ্গে ল্যাথাম বলেন, ‘অনেক গরম ছিল। টিভিতে দেখে কন্ডিশনটা হয়ত সহজ মনে হয়, কিন্তু আসলে প্রচণ্ড গরম। তারা যেভাবে খেলেছে, সেটার জন্য পুরো কৃতিত্ব তাদের দিতেই হবে।’
এই সিরিজ থেকে সবচেয়ে বড় শিক্ষা নিয়ে ল্যাথাম বলেন, ‘অনেকেই নতুন কন্ডিশনে খেলার সুযোগ পেয়েছে। ডিন ফক্সক্রফট ভালো করেছে। চোট কাটিয়ে উইল ও’রুর্ক ফিরে এসে ম্যাচ খেলেছে। অনেকে দায়িত্ব নিয়ে খেলেছে। তবে কয়েকজন আরও দায়িত্ব নিতে পারলে ভালো হতো। কিছু বাজে অভিজ্ঞতা হয়েছে ঠিকই, কিন্তু সেখান থেকেও শিক্ষা নিয়েছি। ফল যদি আমাদের পক্ষে আসত, তাহলে আরও ভালো লাগত। কিন্তু ব্ল্যাকক্যাপস হিসেবে আমরা শিক্ষা নিয়েই এগিয়ে যেতে চাই।’