এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

বিসিএল লাল বলের টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষ। আর সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সিলেটে সেন্ট্রাল জোনের বিপক্ষে ইনিংস ব্যবধানে বিশাল জয় পেয়েছে ইস্ট জোন। ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে এসেছিলেন সেন্ট্রাল জোনের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। আর তখনই তিনি তুলে ধরেন ঘরোয়া ক্রিকেটের আসল গুরুত্ব।
মোসাদ্দেক বলেন, ‘ডমেস্টিক ক্রিকেটটা আমাদের পুরো ক্রিকেটের প্রাণ। যেসব ক্রিকেটার জাতীয় দলে খেলার সুযোগ পান না, তাদের জন্য ঘরোয়া ক্রিকেটই একমাত্র ভরসা। এখান থেকেই তারা সাংসারিক জীবন চালান। তাই নিয়মিত ও সঠিক সময়ে খেলা হলে প্রতিভা বেরিয়ে আসবে, খেলোয়াড়রাও মাঠে থাকবে এবং তাদের জীবন সহজ হবে।’
বেতন বাড়ানো প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘একটু চিন্তা করুন। যখন ফার্স্ট ক্লাস ক্রিকেটে ম্যাচ ফি থেকে শুরু করে বেতন বাড়ানো হবে, তখন খেলোয়াড়রাও উৎসাহ পাবে। আরও বেশি ক্রিকেটার ফার্স্ট ক্লাসে খেলতে চাইবে। এটা আমার কাছে খুবই ভালো উদ্যোগ।’
তিনি আরও যোগ করেন, ‘আপনি যদি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করেন, দেখবেন আমাদের সঙ্গে পার্থক্যটা অনেক বেশি। এই উদ্যোগ সেই শূন্যতাই পূরণ করার চেষ্টা। আশা করি, দিনে দিনে এটা আরও বাড়বে।’
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে নিজের দল আবাহনী প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘আমি পুরো ক্যারিয়ারই আবাহনীর হয়ে খেলেছি। সব সময় আমরা চ্যাম্পিয়ন অথবা রানারআপের মধ্যেই ছিলাম। এবারও তার ব্যতিক্রম নয়। আমাদের দল মাশাআল্লাহ খুব ভালো। আমরা চ্যাম্পিয়ন হতে চাই আর সেটার জোরালো আশাও রাখি।’