ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

৪৮ দিন বাকি! ব্রাজিলের চোখ ধাঁধানো রেকর্ড যে কেউ ভাঙবে?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

৪৮ দিন বাকি! ব্রাজিলের চোখ ধাঁধানো রেকর্ড যে কেউ ভাঙবে?

ক্ষণগণনা শুরু হয়েছে। মাত্র ৪৮ দিন পর শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মেগা ইভেন্ট—ফিফা বিশ্বকাপ। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায় বসবে ৪৮ দলের মহারণ। আর সেই বিশ্বকাপকে সামনে রেখে ফিফাও চালাচ্ছে দিন গোনার কাউন্টডাউন। প্রতিদিন তুলে ধরছে পরিসংখ্যানে ইতিহাসের পাতারা।

রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। শুধু তাই নয়, বিশ্বকাপের ২২ আসরেই খেলার নজির আছে সেলেসাওদের। আর সবচেয়ে বেশি জয়ও তাদের—৭৬টি!

কিন্তু একটা রেকর্ড বিশেষভাবে তাক লাগানোর মতো। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে কাঁদা ব্রাজিলই কি না বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিটের মালিক! হ্যাঁ, ঠিক শুনেছেন। ৪৮ ম্যাচে প্রতিপক্ষকে একবারও গোল করতে দেয়নি তারা।

এ তালিকায় ব্রাজিলের পরেই আছে জার্মানি (৪১), ইংল্যান্ড (৩৬) এবং ইতালি (৩২)।

এই কীর্তির পেছনে অবশ্য বড় ভূমিকা গোলকিপারদের। ব্রাজিলের লিয়াও (৮), তাফারেল (৮), গিলমার (৭), আলিসন (৫) আর কার্লোস (৪)—প্রত্যেকেই বিশ্বকাপের ইতিহাসে নিজেদের নাম লেখিয়েছেন ক্লিনশিটের পাতায়।

আরও মজার তথ্য হলো—বিশ্বকাপে গড়ে ম্যাচ প্রতি একটিরও কম গোল হজম করে ব্রাজিল। তাদের হার মাত্র ০.৯৪৭। পরের চার দল নেদারল্যান্ডস (০.৯৪৫), ইতালি (০.৯৩), ইংল্যান্ড (০.৯২) আর রিপাবলিক অব আয়ারল্যান্ড (০.৭৭)।

অর্থাৎ ব্রাজিলের গোলকিপিং ও রক্ষণভাগের সামনে রেকর্ড গড়া যেন নিত্যদিনের কাজ। এবারের বিশ্বকাপেও কি সেই ধারাবাহিকতা ধরে রাখবে সেলেসাওরা? উত্তর মিলবে ৪৮ দিন পর।