এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

রণবীর কাপুর আর আলিয়া ভাট—বলিউডের এই সুপার কাপল ভক্তদের প্রাণে বাসা বেঁধেছে। তাদের কন্যা রাহা কাপুর। জন্মের পর থেকেই রাহাকে ঘিরে আগ্রহের শেষ নেই। সবাই ভেবেছিলেন, বড় হয়ে মা-বাবার মতো তিনিও ঝলমলে সিলভার স্ক্রিনে ছড়াবেন জাদু। তবে মা আলিয়া কিন্তু ভাবছেন একদম অন্যরকম!
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন আলিয়া। বলেছেন, ‘আমি চাই আমার মেয়ে রাহা বড় হয়ে অ্যাথলিট হোক। ক্রিকেট হক বা অন্য কিছু, হাতে ব্যাট বা বল থাকলেই খুশি আমি।’
মাত্র তিন বছর বয়সী রাহাকে নিয়েই এখন স্বপ্ন দেখছেন আলিয়া। তাঁর মতে, ছোট্ট রাহার মধ্যে এখন থেকেই অ্যাথলিটের গুণ চোখে পড়ার মতো। আলিয়া বলেন, ‘ও খুব চঞ্চল আর প্রতিযোগী মনোভাবাপন্ন। সারাক্ষণ ছোটাছুটি আর লাফালাফি করে। তিন বছর বয়সে ওর মধ্যে যে এনার্জি দেখি, তা একজন অ্যাথলিটের মতোই।’
নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসাবে আলিয়া তুলে ধরেন তার মা সোনি রাজদানের নাম। কৃতজ্ঞচিত্তে আলিয়া জানান, সংসার সামলানোর পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনে নিজের অভিনয় সত্ত্বা ধরে রেখেছিলেন মা। আলিয়ার কথায়, ‘আমার মাই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।’
ব্যক্তিগত জীবন যেমন সাফল্যমণ্ডিত, কেরিয়ারেও এখন তুঙ্গে আলিয়া। খুব শীঘ্রই যশরাজ ফিল্মসের ‘আলফা’ ছবিতে তাকে দেখা যাবে অ্যাকশন লুকে। পাশাপাশি সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে পর্দা শেয়ার করতে যাচ্ছেন আলিয়া।
সব মিলিয়ে মেয়ের জন্য ক্রীড়াবিদের স্বপ্ন, মায়ের জন্য কৃতজ্ঞতা—আলিয়া ভাট যে বাস্তব জীবনে যেমন সাদামাটা, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।