এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

বেশ কিছু দিন ধরে রহস্য জমেছিল। এর আগে প্রকাশিত হয়েছিল ছোট্ট একটি ক্লিপ। সবাই ভেবেছিল, এটা কোন বিজ্ঞাপনের প্রোমো নাকি সিনেমার আইটেম সং। কিন্তু না, দুটোই নয়। এটি শুধু একটি মিউজিক ভিডিও—যা প্রকাশের পর হঠাৎ করে তোলপাড় ফেলে দিয়েছে দর্শকমহলে!
আর সেই মিউজিক ভিডিওটির নাম ‘জয়ধ্বনি’। এর নির্মাতা আদনান আল রাজীব। শাকিব খানের সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। প্রথম প্রোজেক্টেই দুর্দান্ত এক জুটি গড়ে ফেললেন তাঁরা।
ভিডিওটি মুক্তির পর থেকেই নেটিজেনরা আলোচনায় মেতেছেন। শাকিব খানের লুক, ক্যামেরার কাজ, আর নাচের স্টেপ—সব মিলিয়ে গোটা ব্যাপারটাই আন্তর্জাতিক মানের। বিশেষ করে ওয়ার্ম কালার গ্রেডিং আর সিনেম্যাটিক টেক্সার দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে।
শাকিব খান পরেছেন সাদা ও মেরুন রঙের স্টাইলিশ ক্যাজুয়াল পোশাক। চোখে রোদচশমা। আর যখন গানের তালে তিনি নাচতে শুরু করলেন, তখন যেন ঝড় নেমে এলো।
দর্শকদের প্রতিক্রিয়ায় কিছু কমেন্ট দেখা গেছে যেমন– ‘ল্যাটিন ভাইব পেলাম’, ‘কী দেখলাম!’ আর অনেকে তো বিশ্বাসই করতে পারেননি যে এটা বাংলাদেশের কাজ। কেউ বলছেন ‘গান বাংলাদেশের, কিন্তু লেভেলটা হলিউডের’। দুই বাংলা মিলিয়ে এত বড় আয়োজনের ‘সেলিব্রেশন অ্যানথেম’ আগে কখনো তৈরি হয়নি, দাবি অনেকের।
শুধু চমক নয়, দর্শক এখন স্বপ্নও দেখছেন। তাঁরা চাইছেন, নির্মাতা আদনান আল রাজীব আর মেগাস্টার শাকিব খান একসঙ্গে সিনেমা বানান। একজন বুনো ওল, আরেকজন চলচ্চিত্র জগতের বাঘা তেঁতুল। তাঁদের জুটি যদি সিনেমায় নামে, তাহলে প্রেক্ষাগৃহে কানায় কানায় থইথই!
জানা গেছে, এই প্রকল্পে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের আর্টিস্ট ও টেকনিশিয়ানরা কাজ করেছেন। সেজন্যই ভিজুয়াল আর সাউন্ড ডিজাইন এত অভাবনীয় হয়েছে। শুধু শেষ কথা– ৩ মিনিট ১৮ সেকেন্ডের এই মিউজিক ভিডিওটি মুক্তির ২৪ ঘণ্টা আগেই পার করে ফেলেছে ১০ মিলিয়ন ভিউ!