এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

মধ্যপ্রাচ্যের বাইরে সাইপ্রাসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা। সেখানে মিসর, সিরিয়া ও লেবাননের নারিকেলগুলোর সঙ্গেও আলোচনা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স যা জানাচ্ছে, তাতে বড় খবর দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যদি একটি সমন্বিত বা পূর্ণাঙ্গ চুক্তি হয়, তাহলে ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি আছে।
মের্ৎসের কথায়, এই পদক্ষেপের মাধ্যমে একটা স্থায়ী যুদ্ধবিরতি আনা সম্ভব হবে।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা আরও স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, “কোনো বিধিনিষেধ বা শুল্ক ছাড়াই” হরমুজ প্রণালি “দ্রুত” খুলে দিতে হবে। কারণ এই প্রণালিটি “সারা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ”।
বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস এক সতর্কবার্তাও দিয়েছেন। তিনি বলেছেন, এবারের আলোচনা থেকে যদি ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির মতো শক্তিশালী কোনো সমঝোতা না আসে, তাহলে বিশ্ব আরও বিপজ্জনক এক ইরানের মুখোমুখি হতে পারে।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই ২০১৫ সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে নিষেধাজ্ঞা কঠোর করেছিলেন। এবার ইউরোপ যেন পুরোপুরি উল্টো পথে হাঁটছে!