এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে কথা বলতে ইসলামাবাদ যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তার বিশেষ দূত স্টিফ উইটকফ। আমেরিকার স্থানীয় সময় শনিবার সকালে (বাংলাদেশের সময় শনিবার রাতে) ওয়াশিংটন থেকে পাকিস্তানের রাজধানীর উদ্দেশে রওনা দেবেন তারা।
শুক্রবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ও ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লিভিট। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনায় যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটানোর ‘কিছু সম্ভাবনা’ দেখছে ট্রাম্প প্রশাসন। আর সেটা নিয়েই আলোচনা করতে কুশনার ও উইটকফ যাচ্ছেন ইসলামাবাদে।
লিভিট আরও বলেন, “ইরানিরা কী বলছে, তাদের দাবি-দাওয়া সম্পর্কে জানতে স্টিভ (উইটকফ) এবং জ্যারেড (কুশনার) আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন। আমরা আশা করছি, এই সফর থেকে ইতিবাচক ফলাফল পাবো।”
ঠিক এর কিছু ঘণ্টা আগে, গতকাল শুক্রবারই সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি সেরেনা হোটেলে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক সেরেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটা সম্পূর্ণ সরকারি সফর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি সংলাপের পরিকল্পনা ইরানের নেই। কিন্তু ট্রাম্প প্রশাসন এখন যাচ্ছে পাকিস্তানে— তাতেই বেড়েছে জল্পনা!