এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর বাঁচেন না। গত ১৬ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের এই মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ইউএসএফ-এ পিএইচডি করছিলেন।
শনিবার (২৫ এপ্রিল) সামাজিক মাধ্যমে ফেসবুকে তার ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এক পোস্টে তিনি লেখেন, “আমার বোন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
এর আগে যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমন (২৭) নামে আরেকজনের মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি পুলিশ। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়াহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
নিহত জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নিখোঁজ নাহিদা বৃষ্টিও ওই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি শিক্ষার্থী ছিলেন।
গত ১৬ এপ্রিল লিমনের অফ-ক্যাম্পাস বাড়িতে তাকে শেষবার দেখা গিয়েছিল। তার ঠিক এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিল্ডিংয়ে বৃষ্টিকে শেষবার চোখে পড়ে। দীর্ঘ সময় তাঁদের খোঁজ না পেয়ে এক বন্ধু পুলিশে জানালে শুরু হয় তদন্ত।
শুক্রবার সকালে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ওইদিন সকালেই অভিযুক্ত হিশামের বাড়ি থেকে পারিবারিক সহিংসতার একটি ফোন পেয়েছিল শেরিফ অফিস।