ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

থামল না আরবের পথ! যুদ্ধ–টানাপড়েন পেরিয়েই হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

থামল না আরবের পথ! যুদ্ধ–টানাপড়েন পেরিয়েই হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি

চলতি বছর হজের পবিত্র আনুষ্ঠানিকতায় অংশ নিতে যাচ্ছেন প্রায় ৩০ হাজার ইরানি নাগরিক। দেশটির হজ ও তীর্থযাত্রা বিষয়ক সংস্থা জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই শুরু হবে তাদের যাত্রা।

শুক্রবার (২৪ এপ্রিল) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, হজ ও তীর্থযাত্রা সংস্থার একটি প্রতিনিধিদল সম্প্রতি সৌদি আরবে পৌঁছেছে। তারা জানায়, প্রথম দফায় ইরানি হজযাত্রীরা ২৫ এপ্রিল মদিনায় পৌঁছাবেন। সেখান থেকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে মক্কায় গিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

তবে হজযাত্রীরা স্থলপথে নাকি আকাশপথে সৌদি আরবে যাবেন, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার এক প্রতিনিধি জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ একাধিকবার ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে—বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের, বিশেষ করে ইরানি হজযাত্রীদের স্বাগত জানাতে তারা পুরোপুরি প্রস্তুত।

সৌদি আরব জানিয়েছে, আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। তাদের ভাষ্য, ইরানি হজযাত্রীদের আগমনের জন্য তারা অপেক্ষা করছে। হজের সব আনুষ্ঠানিকতা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরও জানানো হয়, আন্তরিকতা আর উষ্ণ আতিথেয়তার মাধ্যমে মেহমানদের বরণ করে নিতে প্রস্তুত সৌদি কর্তৃপক্ষ।