ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

চমকের সিদ্ধান্ত! অবশেষে মিলল অনুমতি, পিএসএলের এই ম্যাচে দর্শকরা মাঠে বসার সুযোগ পাচ্ছেন 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

চমকের সিদ্ধান্ত! অবশেষে মিলল অনুমতি, পিএসএলের এই ম্যাচে দর্শকরা মাঠে বসার সুযোগ পাচ্ছেন 

মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে সারা বিশ্বে জ্বালানি সংকট। সেই কারণেই পিএসএলের ম্যাচগুলো দর্শকশূন্য গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু শুরু থেকেই এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তাদের দাবি, ‘পিএসএল হলো পাকিস্তান ক্রিকেটের উৎসব, ভক্ত ছাড়া এ উৎসব অসম্পূর্ণ!’ এবার তাদের কথায় কান দিল পিসিবি। কিন্তু কেবল একটি ম্যাচের জন্য! কোনটি সেই ম্যাচ? জেনে নিন।

শনিবার ও রবিবার পিএসএলের লিগ পর্ব শেষ হবে। চারটি ম্যাচ বাকি। তারপর কোয়ালিফায়ার, এলিমিনেটর ম্যাচ শেষে আগামী ৩ মে লাহোরে বসবে ফাইনাল। শিরোপা নির্ধারণী ওই ম্যাচটির জন্য বিশেষ অনুমতি মিলেছে দর্শকদের। তার মানে, ৩ মে লাহোরের স্টেডিয়ামে দর্শক বসতে পারবেন এবং লাইভ খেলা দেখতে পারবেন। বাকি সব ম্যাচ হবে দর্শকহীন।

শনিবার সামাজিক মাধ্যম এক্সে সাবেক টুইটার পোস্ট করে এই তথ্য জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। তিনি লেখেন, ‘প্রিয় ক্রিকেট ভক্তরা, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে স্টেডিয়ামে দর্শক উপস্থিতির অনুমতি দিতে অনুরোধ করেছিলাম। তিনিও বিষয়টি নিয়ে আগ্রহী ছিলেন, তবে একইসঙ্গে জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে পাকিস্তানজুড়ে বর্তমান মিতব্যয়ী পদক্ষেপের ওপর জোর দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে পিএসএল এলিভেনের ফাইনালে দর্শক উপস্থিতির অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী।’

প্রসঙ্গত, ২৬ মার্চ থেকে শুরু হওয়া পিএসএলের ১১তম আসরটি ৮ দলের অংশগ্রহণে ৪৪ ম্যাচ হওয়ার কথা ছিল। ছয়টি ভেন্যুতে খেলা হওয়ার কথা থাকলেও জ্বালানি সাশ্রয়ের খাতিরে সব ম্যাচ শুধু লাহোর ও করাচিতে কমিয়ে আনা হয়। এ ছাড়া শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো বলছিল, দর্শকশূন্য মাঠে খেললে লিগের আমেজ থাকবে না।

লাহোর কালান্দার্সের আতিফ রানা বলেন, ‘পিএসএল পাকিস্তান ক্রিকেটের উৎসব, কিন্তু ভক্তদের ছাড়া এটি অসম্পূর্ণ।’ করাচি কিংসের মালিক সালমান ইকবাল ব্যক্ত করেন হতাশা, ‘প্রতিষ্ঠাতা মালিক হিসেবে খালি স্টেডিয়াম দেখা অত্যন্ত কষ্টের। পিএসএল চলে জনগণের শক্তির ওপর, দয়া করে তাদের মাঠে ফেরার অনুমতি দিন।’

শেষ পর্যন্ত সেই অনুরোধের প্রেক্ষিতেই এক ম্যাচের জন্য হলেও ফিরল ভক্ত-উপস্থিতি। ফাইনালে গ্যালারি ভরা দেখার অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা।