এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়কে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাবার গ্রেপ্তার ও উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী।
রোববার ২৬ এপ্রিল এক আনুষ্ঠানিক বার্তায় পূজা চেরি নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, বাবার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ বা আর্থিক লেনদেনের সাথে ব্যক্তিগতভাবে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
পূজা চেরি বলেন, ‘বিগত ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি। অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে আমি নিজেই নির্বাহ করে আসছি। বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই।’
বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানায় নেই উল্লেখ করে পূজা আরও বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি সবসময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক।’
তার কথায়, ‘তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন।’