ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ট্রাম্পের হামলাকারীকে নিয়ে বড় মন্তব্য! বললেন, ‘বেশ অসুস্থ মানুষ’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

ট্রাম্পের হামলাকারীকে নিয়ে বড় মন্তব্য! বললেন, ‘বেশ অসুস্থ মানুষ’

ওয়াশিংটনের হোটেলের এক নৈশভোজে ট্রাম্পের উপস্থিতিতে হামলা করা ৩১ বছর বয়সি কোল থমাস অ্যালেনকে ‘বেশ অসুস্থ ব্যক্তি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হামলার পর মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

ট্রাম্প জানিয়েছেন, ‘সে ছিল একজন খ্রিস্টান, বিশ্বাসী। কিন্তু পরে সে খ্রিস্টানবিরোধী হয়ে যায় এবং তার মধ্যে অনেক পরিবর্তন আসে। সম্ভবত সে খুব অসুস্থ একজন মানুষ।’

প্রসঙ্গত, শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রীরা আরও প্রায় আড়াই হাজার নামীদামি অতিথি।

ঠিক তখনই, ট্রাম্প ও মেলানিয়া মঞ্চে ওঠার পরপরই শুরু হয় বন্দুক হামলা। সবাই এলোমেলো হয়ে টেবিলের নিচে আশ্রয় নেন। দ্রুত ট্রাম্প আর মেলানিয়াকে মঞ্চ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে সব অতিথিকেও। ঘটনাস্থলে থাকা এক নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তিনি সাত-আটটি গুলির শব্দ শুনেছেন।

ভাগ্য ভালো যে ট্রাম্প, মেলানিয়া, ভাইস প্রেসিডেন্টসহ সব অতিথিই অক্ষত রয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী কোল অ্যালেন থমাসকে গ্রেপ্তার করা হয়েছে।

পেশায় তিনি একজন শিক্ষক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার সি–টু নামের এক প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন অ্যালেন। ২০২৪ সালে ওই প্রতিষ্ঠানের সেরা শিক্ষকও নির্বাচিত হয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টোড ব্লাঞ্চ এক ব্রিফিংয়ে জানিয়েছেন, অ্যালেন ট্রেনে করে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো, তারপর সেখান থেকে ওয়াশিংটনে আসেন। হামলার আগের দিন শুক্রবার তিনি সরাসরি হিলটন হোটেলে ওঠেন।

পুলিশ তাঁর কক্ষ থেকে একটি লিখিত বক্তব্য (ইশতেহার) উদ্ধার করেছে। সেখানে অ্যালেন নিজেকে ‘বন্ধুত্বপূর্ণ ফেডারেল ঘাতক’ বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, ট্রাম্প প্রশাসনের নীতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের রক্ষা করতেই তিনি এমন পথ বেছে নিয়েছেন। রয়টার্সের আইনপ্রয়োগকারী সূত্রও একই তথ্য নিশ্চিত করেছে।

ইতোমধ্যে অ্যালেনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও মার্কিন কর্মকর্তাদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আগামী সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার) তাকে আদালতে তোলা হবে।