ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরানের কঠোর বার্তা! মার্কিন মিত্র দেশে চতুর্গুণ হামলার হুঁশিয়ারি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

ইরানের কঠোর বার্তা! মার্কিন মিত্র দেশে চতুর্গুণ হামলার হুঁশিয়ারি

আমেরিকা যদি ইরান বা ইরানের তেল স্থাপনায় হামলা চালায়, তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিল তেহরান। ইরানের ভাইস-প্রেসিডেন্ট ইসমাঈল সাঘাব এস্ফাহানি বলেছেন, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চতুর্গুণ হামলা চালাবে ইরান।

গতকাল সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এস্ফাহানি লেখেন, ‘যুদ্ধের যেকোনো ঘটনায় আমরা তৎক্ষণাৎ সাড়া দেব। ইরানের তেলকূপ বা যেকোনো অবকাঠামোতে হামলা হলে, যেসব দেশ আগ্রাসীদের সহযোগিতা করবে, তাদের লক্ষ্য করেই চারগুণ জবাব দেওয়া হবে।’

আরও লেখেন, ‘আমরা ভিন্ন অঙ্ক চিনি। এই অঙ্কে ইরানের একটি কূপের মূল্য (মার্কিন মিত্রদের) চারটি কূপের সমান।’

এদিকে এর আগে শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, গত কয়েকদিন ধরে ইরানের বন্দর, হরমুজ প্রণালি ও আরব সাগরে মার্কিন বাহিনী যে অবরোধ তৈরি করেছে, তাতে ইরানের তেল বাণিজ্য ভীষণ চাপে পড়েছে।

পরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও বলেন, ‘ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে। নগদ টাকার অভাবে তারা ধুঁকছে। শিগগিরই তাদের হরমুজ প্রণালি খুলে দিতে হবে। কেননা প্রতিদিন তাদের ৫০ কোটি ডলার লোকসান হচ্ছে। সেনা ও পুলিশ বাহিনীও অভিযোগ করছে যে তারা বেতন পাচ্ছে না।’

আর ট্রাম্পের এই পোস্টের ২৪ ঘণ্টা না যেতেই ইরানের ভাইস-প্রেসিডেন্ট উপসাগরীয় দেশগুলোকে চারগুণ হামলার হুঁশিয়ারি দিয়ে বসলেন।