এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

পাকিস্তান ওমান ঘুরে এবার রাশিয়া পৌঁছে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আর সেখানে পা দিয়েই সরাসরি যুক্তরাষ্ট্রকে এক হাত দিয়ে দিলেন তিনি। স্থানীয় সাংবাদিকদের আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি চাহিদার কারণেই পাকিস্তানের ইসলামাবাদে সেই শান্তি আলোচনা সফল হয়নি। খবর বিবিসির।
আরাগচির টেলিগ্রাম চ্যানেলে ফারসি ভাষায় দেওয়া এক সাক্ষাৎকারে দেখা যাচ্ছে, সেন্ট পিটার্সবার্গে পৌঁছে তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে রুশ মিত্রদের সঙ্গেই আলোচনা করবেন তিনি।
রাশিয়ায় সাংবাদিকদের আরও বলেন, কোন কোন শর্তে আলোচনা এগোতে পারে, সেটা নিয়েও কথা হয়েছে।
বর্তমানে ইরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। এই প্রসঙ্গও টেনেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদে চলাচল একটা বৈশ্বিক ইস্যু। ওমানসহ আশপাশের দেশগুলোকে এই প্রণালিতে নিজেদের স্বার্থ রক্ষায় কাছাকাছি থেকে কাজ করতে আহ্বান জানিয়েছেন তিনি।
আরাগচি ইঙ্গিত দিয়েছেন, ইরান আর ওমানের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে। আর এই প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে পরবর্তী আলোচনার জন্য একটি চুক্তিও হয়েছে বলে জানিয়েছেন তিনি।