এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

বলিউডের ‘নো. ১’ খ্যাত গোবিন্দ আর তাঁর স্ত্রী সুনীতা আহুজা—এ জুটিকে সবাই চেনে আদর্শ দম্পতি হিসেবে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা যা জানালেন, তাতে চমকে যাবেন আপনিও। খোদ সুনীতা বলেছেন, স্বামী হিসেবে গোবিন্দ ঠিক সেরকম নন, যেরকম তিনি চেয়েছিলেন। বিষয়টা কি খুব কষ্টের? আসুন শুনে নেওয়া যাক।
বিগত কয়েক দশক ধরে গোবিন্দের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কম গুঞ্জন শোনেনি বিনোদন দুনিয়া। কিন্তু সেসব কিছু উড়িয়ে দিয়ে এবার সুনীতা খুলেই বললেন নিজের মন। তাঁর ভাষ্য, ‘গোবিন্দ অসাধারণ একজন ছেলে, দারুণ এক ভাই। কিন্তু স্বামী হিসেবে আমি যেটা চেয়েছিলাম, তিনি সেটা নন।’
কেন বলেন সুনীতা? তিনি জানান, তিনি পার্টি করতে, রেস্টুরেন্টে খেতে যেতে আর ঘুরে বেড়াতে ভালোবাসেন। কিন্তু গোবিন্দ সারা জীবন শুধু নিজের পরিবার আর মাকে নিয়েই ব্যস্ত ছিলেন। নিজের আনন্দ বা শখের জন্য তিনি কখনও সময়ই দেননি। সুনীতার কথায়, ‘এখন তাঁর বয়স ৬০ বছর। কিন্তু এত বড় সময়ে তিনি নিজের জন্য বাঁচেননি।’
গোবিন্দকে ঘিরে অসংখ্য নারী ভক্ত আর নানা ফিল্মি গুঞ্জন আছে। সেসব প্রসঙ্গে সুনীতা বেশ স্পষ্ট। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় কে কী বলল, তাতে তাঁর কিছুই যায় আসে না। স্বামীর প্রতি আস্থা থাকলে এসব কিছুই বড় সমস্যা নয়। তাঁর কাছে সব সময় বড় ছিল সংসারের শান্তি। শাশুড়ির প্রতিও গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গোবিন্দের মা বেঁচে থাকা পর্যন্ত তাদের জীবন সত্যিই সুন্দর ছিল।
চল্লিশ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো আক্ষেপ রাখতে চান না সুনীতা। তবু একটু কষ্ট নিয়ে বলেন, ‘আমার খুব খারাপ লাগে, এত বড় সুপারস্টার হয়েও তিনি জীবনে কী দেখলেন? কিছুই না। আমি সব সময় বলি—আমি গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী চাই না। তবে এখন আর আফসোস করে লাভ নেই। এত বছর একসঙ্গে থাকার পর তাঁকে ছেড়ে যাওয়া তো অপরাধের মতো।’