ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরানের সামনে দিশেহারা যুক্তরাষ্ট্র, ‘অপমানিত’ বললেন জার্মান চ্যান্সেলর—বিশ্ব রাজনীতিতে তোলপাড়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

ইরানের সামনে দিশেহারা যুক্তরাষ্ট্র, ‘অপমানিত’ বললেন জার্মান চ্যান্সেলর—বিশ্ব রাজনীতিতে তোলপাড়

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এখন কার্যত ‘অপমানিত’ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। তার মতে, এই সংঘাতে তেহরান এখন স্পষ্টভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে, আর ওয়াশিংটনের সামনে এখান থেকে বেরিয়ে আসার কোনো পরিষ্কার পথ দেখা যাচ্ছে না।

গত সোমবার জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত সংকট হিসেবে উল্লেখ করে মার্জ অতীতের ইরাক ও আফগানিস্তান যুদ্ধের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, এ ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার চেয়ে তা থেকে বের হয়ে আসা অনেক বেশি কঠিন—এটি আগেও বহুবার প্রমাণিত হয়েছে।

ইরানের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, দেশটির কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কূটনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং তারা অনেকের ধারণার চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

তার ভাষায়, ইরানের নেতৃত্ব এবং বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর ভূমিকার কারণে যুক্তরাষ্ট্র এখন বড় ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে।

এদিকে চলমান এই সংঘাত জার্মানির অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানান চ্যান্সেলর। দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি কারও জন্যই ভালো নয়।

বিশ্লেষকদের মতে, ইউরোপের একজন শীর্ষ নেতার এমন মন্তব্য ইরানের বর্তমান অবস্থানকে আরও জোরালোভাবে সামনে আনছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশল নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে।