এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি কয়েক দিন আগে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছ থেকে একটি বার্তা পেয়েছেন।
গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকের সময় তিনি এই তথ্য প্রকাশ করেন। বৈঠকের জন্য আরাগচি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে পৌঁছান এবং সেখানেই সন্ধ্যায় দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুতিন জানান, তিনি ইরানের সর্বোচ্চ নেতার বার্তা পেয়েছেন এবং তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন। তবে সেই বার্তার ভেতরের বিস্তারিত বিষয় তিনি প্রকাশ করেননি।
এই প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ইরানের অবস্থানের প্রশংসা করে বলেন, দেশটির জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করছে। তিনি আরও জানান, এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। একই হামলায় তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হন।
এরপর ৮ মার্চ ইরানের প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিল মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে।
ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় মোজতবা খামেনি মারাত্মকভাবে আহত হন। তার একটি পা ক্ষতিগ্রস্ত হয়, একটি হাতে আঘাত লাগে এবং মুখমণ্ডলেও গুরুতর দগ্ধ হন।
বর্তমানে তিনি একটি গোপন স্থানে চিকিৎসাধীন আছেন এবং সেখান থেকেই দেশের নেতৃত্ব পরিচালনা করছেন বলে জানা গেছে।