ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের

ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা এখন নতুন এক মাত্রায় পৌঁছেছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র–ইরান সরাসরি আলোচনার দ্বিতীয় দফা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সেখানে ইরান পরিস্থিতি এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইসরায়েলি মহলে এখন জোর আলোচনা চলছে যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটি “চূড়ান্ত হামলা” চালিয়ে বিজয় ঘোষণা করতে পারেন। ট্রাম্পঘনিষ্ঠ সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম-এর প্রতিনিধি এরিয়েল কাহানা দাবি করেছেন, এমন পরিকল্পনার কথা তিনি শুনেছেন।

একই সময়ে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত রয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে বিপ্লবী গার্ডের নিয়ন্ত্রণে কার্যত সীমাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে যুদ্ধবিরতি থাকলেও স্থায়ী সমাধান নিয়ে কোনো পরিষ্কার অগ্রগতি দেখা যাচ্ছে না।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের ধারণা অনুযায়ী এই অবরোধ ইরানের ওপর চাপ বাড়াচ্ছে। তবে বর্তমান আলোচক দলের সঙ্গে কোনো কার্যকর সমঝোতা হবে কি না, তা নিয়ে ওয়াশিংটনে বড় ধরনের সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করা।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৫টি মার্কিন কার্গো বিমান অস্ত্র ও গোলাবারুদ নিয়ে তেলআবিবে পৌঁছেছে বলে জানা গেছে। একই সময়ে ইসরায়েলি সরকার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলার বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে।

ইরানি সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধ আবার শুরু হতে পারে—এমন আশঙ্কায় দেশটির সশস্ত্র বাহিনীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অনেক সামরিক কর্মকর্তার ধারণা, চলমান আলোচনা আসলে সময়ক্ষেপণের কৌশল মাত্র।

তবে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সরকার এখনো কূটনৈতিক পথ খোলা রাখতে চাইছে। এই অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদ সফর শেষে মস্কো পৌঁছেছেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্পের ওপর প্রভাব খাটিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।