এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:০৪ পিএম

স্বাধীন দেশগুলো কী করবে—এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখন আর নির্দেশ দেওয়ার অবস্থানে নেই বলে স্পষ্টভাবে দাবি করেছে ইরান। ওয়াশিংটন যখন হরমুজ প্রণালি নিয়ে নতুন প্রস্তাব পর্যালোচনা করছে, ঠিক সেই সময়েই তেহরান থেকে এই কড়া মন্তব্য আসে।
যুদ্ধ শুরুর পর থেকেই ইরান এই কৌশলগত জলপথ কার্যত নিয়ন্ত্রণে রেখে সীমাবদ্ধ করে দিয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে এবং চলমান সংঘাত নিরসনের আলোচনায় হরমুজ প্রণালি এখন মূল ইস্যুতে পরিণত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেছেন, “স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র আর নেই।”
তিনি আরও বলেন, ওয়াশিংটনের উচিত তাদের “অবৈধ ও অযৌক্তিক দাবি” এখনই বন্ধ করা।
যদিও সাম্প্রতিক যুদ্ধবিরতি কিছুটা লড়াই থামিয়ে রেখেছে, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে এখনো কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। তবে যুক্তরাষ্ট্র যে নতুন প্রস্তাবটি বিবেচনা করছে, সেখানে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
এদিকে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে তালায়ি-নিক বলেন, ইরান স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে, বিশেষ করে এসসিওভুক্ত দেশগুলোর সঙ্গে নিজেদের প্রতিরক্ষামূলক সামরিক সক্ষমতা ভাগাভাগি করতে প্রস্তুত।