এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ৪৮ দলের ফুটবল মহাযুদ্ধ। আর বাকি মাত্র ৪৪ দিন। ফিফা প্রতিদিনই নানা পরিসংখ্যান তুলে ধরে এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে।
ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় পছন্দের অর্থাৎ অ্যাওয়ে জার্সি পরে শিরোপা জয়ের একটি বিরল ইতিহাস রয়েছে, যা প্রায় ৪৪ বছর ধরে ভাঙেনি। এই দীর্ঘ ‘গেরো’ ভেঙেছিল ২০১০ সালে স্পেন।
সেবার ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও নেদারল্যান্ডস। দুই দলের মূল বা হোম জার্সির রঙ প্রায় কাছাকাছি হওয়ায় (লাল ও কমলা) স্পেনকে পরতে হয়েছিল গাঢ় নীল অ্যাওয়ে জার্সি।
নিজেদের প্রথম পছন্দের জার্সি না পরে নামা নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও স্পেন শেষ পর্যন্ত ইতিহাস গড়ে। প্রায় পাঁচ দশক ধরে চলা একটি অদ্ভুত ধারা ভেঙে তারা অ্যাওয়ে জার্সিতে বিশ্বকাপ জয় করে নেয়।
এর আগে সবশেষ ১৯৬৬ সালে ইংল্যান্ড তাদের লাল অ্যাওয়ে জার্সিতে পশ্চিম জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
এরপর ১৯৮৬ সালে পশ্চিম জার্মানি সবুজ অ্যাওয়ে জার্সিতে হেরে যায় আর্জেন্টিনার কাছে। চার বছর পর ১৯৯০ সালে ডার্ক ব্লু জার্সিতে আর্জেন্টিনা আবারও হারে পশ্চিম জার্মানির বিপক্ষে। আর ২০০৬ সালে সাদা অ্যাওয়ে জার্সিতে ফ্রান্স হেরে যায় ইতালির কাছে।
বিশ্বকাপ ফাইনালে অ্যাওয়ে জার্সিতে শিরোপা জয়ের প্রথম দল ছিল ব্রাজিল। ১৯৫৮ সালে নীল জার্সিতে তারা স্বাগতিক সুইডেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
তবে সাম্প্রতিক ইতিহাস বলছে, সবশেষ তিনটি বিশ্বকাপে জার্মানি, ফ্রান্স এবং আর্জেন্টিনা নিজেদের মূল বা হোম জার্সিতেই শিরোপা জিতেছে।