ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
Logo
logo

পিএসজি–বায়ার্ন সেমিফাইনাল হাইভোল্টেজ লড়াই: নিয়ন্ত্রণ কার হাতে থাকবে আজ রাতে?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

পিএসজি–বায়ার্ন সেমিফাইনাল হাইভোল্টেজ লড়াই: নিয়ন্ত্রণ কার হাতে থাকবে আজ রাতে?

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি—ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং বায়ার্ন মিউনিখ। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে প্রথম লেগের এই হাইভোল্টেজ ম্যাচ।

দুই দলের শক্তি, ফর্ম আর কৌশল মিলিয়ে লড়াইটা যে জমজমাট হবে, তা বলার অপেক্ষা রাখে না।

পরিসংখ্যান বলছে, চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে বায়ার্ন মিউনিখ। শেষ ৪৯ ম্যাচে তাদের পয়েন্ট গড় ২.৭১, যেখানে পিএসজির ২.২৭।

বায়ার্নের সবচেয়ে বড় শক্তি তাদের বিধ্বংসী আক্রমণভাগ। হ্যারি কেন একাই করেছেন ৫৩ গোল। তার সঙ্গে মাইকেল ওলিসে ও লুইস দিয়াজ মিলে দলকে পৌঁছে দিয়েছেন ১৬৭ গোলের বিশাল সংখ্যায়।

অন্যদিকে পিএসজির আক্রমণভাগে ভরসা ওসমানে দেম্বেলে ও কাভারাৎসখেলিয়া। দুজনই এখন পর্যন্ত করেছেন ১৬টি করে গোল।

স্কোয়াড ডেপথে এগিয়ে পিএসজি

বায়ার্নের স্কোয়াড তুলনামূলক ছোট হলেও তাদের সমস্যা আরও বাড়িয়েছে চোট। গনাব্রি চোটে বাইরে, লেনার্ট কার্ল এবং গেরেইরোও নেই।

অন্যদিকে পিএসজি কোচ লুইস এনরিকে কিছুটা স্বস্তিতে আছেন। আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনহা চোট কাটিয়ে ফিরেছেন। এনরিকে বলেছেন, “সবাই প্রস্তুত।”

বেঞ্চ থেকেও ম্যাচ বদলানোর মতো খেলোয়াড় আছে পিএসজির—বারকোলা বা গনসালো রামোস যেকোনো সময় খেলায় প্রভাব ফেলতে পারেন।

শেষ ৯ দেখায় বায়ার্ন জিতেছে ৫ বার। তবে ক্লাব বিশ্বকাপে বায়ার্নকে হারিয়ে পিএসজি নিয়েছিল প্রতিশোধ।

আর বড় ধাক্কা বায়ার্নের জন্য—কোচ ভিনসেন্ট কোম্পানি আজ ডাগআউটে থাকতে পারবেন না, নিষেধাজ্ঞার কারণে। যা পিএসজির জন্য বড় সুবিধা হতে পারে।


পিএসজি: সাফোনভ, হাকিমি, মার্কুইনহোস, পাচো, মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ফাবিয়ান রুইজ, ডুয়ে, দেম্বেলে ও কাভারাৎসখেলিয়া।

বায়ার্ন: নয়ার, স্ট্যানিসিচ, উপামেকানো, তাহ, লাইমার, কিমিচ, পাভলোভিচ, ওলিসে, মুসিয়ালা, দিয়াজ ও হ্যারি কেন।

সব মিলিয়ে প্রশ্ন একটাই—আজ রাতে পার্ক দে প্রিন্সেসে নিয়ন্ত্রণ যাবে কার হাতে, বায়ার্ন নাকি পিএসজি?