এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা করছেন? তাহলে এখনই সাবধান হোন। আমেরিকান দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধু সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভিসা নিয়ে যাতায়াত করা অনুমোদিত নয়।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, কোনো ব্যক্তি যদি কেবলমাত্র সন্তানের নাগরিকত্বের আশায় যুক্তরাষ্ট্রে যেতে চান, তাহলে সেটি ভিসার শর্তের বিরুদ্ধে। সে ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা যদি বুঝতে পারেন যে আপনার মূল উদ্দেশ্যই শুধু সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নেওয়া, তাহলে আপনার ট্যুরিস্ট ভিসার আবেদন খারিজ করে দেওয়া হবে।
দূতাবাস আরও জানিয়েছে, এই ধরনের কাজ যুক্তরাষ্ট্রের ভিসা নীতির অধীনে বৈধ নয়। তাই সব ভিসা আবেদনকারীকে অনুরোধ করা হয়েছে, যেন সঠিক উদ্দেশ্য জানিয়ে আবেদন করেন।
শুধু তাই নয়, ভুল তথ্য দিলে বা ভিসার শর্ত ভাঙলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণেও বড় সমস্যা হতে পারে। এমন সতর্কবার্তাও দিয়েছে দূতাবাস।