ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

সতর্ক ইরান! আমেরিকা-ইসরাইল আবার হামলা চালালে কঠিন জবাব দেবে তেহরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

সতর্ক ইরান! আমেরিকা-ইসরাইল আবার হামলা চালালে কঠিন জবাব দেবে তেহরান

যুদ্ধ থামেনি, বরং এখনো পুরোদমে চলছে। আর শত্রুপক্ষ যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে রণক্ষেত্রে এমন কঠিন জবাব দেওয়া হবে যে সামলানো কঠিন হয়ে যাবে—এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে, এমনটা মোটেও ভাবছেন না তাঁরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে এই কড়া বার্তা দিয়েছেন। খবর ফারস নিউজের।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যদি আবারও আমাদের ওপর হামলা চালায় এবং ইরানের নিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে তারা নিশ্চিতভাবে আগের চেয়েও কঠোর জবাবের মুখোমুখি হবে।’

মুখপাত্র আরও বলেন, ‘আমরা মনে করি না যে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমাদের বর্তমান পরিস্থিতি এখনো যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত। ইরানের জনগণ নিশ্চিত থাকতে পারেন, শত্রু যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তাহলে তাদের ইরানের পক্ষ থেকে নতুন অস্ত্র এবং নতুন ধরণের জবাব দেওয়া হবে।’

মোহাম্মদ আকরামিনিয়া আরও জানান, তাঁরা নিজেদের লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করে ফেলেছেন। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তাহলে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, নতুন পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে।’