ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ট্রাম্পের বিস্ফোরক দাবি: একসাথে শেষ হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

ট্রাম্পের বিস্ফোরক দাবি: একসাথে শেষ হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ—দুটি বড় যুদ্ধই ‘একই সময়ে’ শেষ হতে পারে। তাঁর এই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারটি নেন সিএনএনের জ্যেষ্ঠ সাংবাদিক কেইটলান কলিন্স। তিনি ট্রাম্পকে প্রশ্ন করেন—যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে কোনটি আগে শেষ হতে পারে।

জবাবে ট্রাম্প বলেন, “কোন যুদ্ধ আগে শেষ হবে? আমার ধারণা, দুই যুদ্ধই একই সময়ে শেষ হতে পারে। সামরিকভাবে ইউক্রেন ইতোমধ্যেই পরাজিত।”

ইরান প্রসঙ্গে ট্রাম্প আরও বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, “ইরানের অবস্থাও প্রায় একই। ভুয়া সংবাদ পড়লে আসল তথ্য জানা যায় না। বাস্তবতা হলো—ইরানের ১৫৯টি যুদ্ধজাহাজ ছিল, এখন সেগুলো পানির নিচে। ফলে নৌযুদ্ধে ফেরা তাদের জন্য কঠিন হয়ে গেছে।”

এরপর সাংবাদিককে উদ্দেশ করে ট্রাম্প পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, “আপনার কি মনে হয় তারা ভালো করছে? তাদের কোনো নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, আর শত্রুর বিমান ধ্বংসের প্রয়োজনীয় উপকরণও নেই।”

তবে বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে ট্রাম্পের এই ধরনের দাবি বাস্তব পরিস্থিতিকে পুরোপুরি প্রতিফলিত করে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে সন্দেহ রয়েছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়। তবে কোনো চুক্তি ছাড়াই সেই বৈঠক শেষ হয়।

এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়, যা নতুন করে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ন্যাটোর সদস্যপদ ইস্যুতে দীর্ঘদিনের উত্তেজনার পর ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারের আগে ট্রাম্প প্রায় ৯০ মিনিট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি জানান, আলোচনার বড় অংশজুড়ে ছিল ইউক্রেন পরিস্থিতি। পাশাপাশি ইরানের সাম্প্রতিক অবস্থাও আলোচনা হয়।

সবশেষে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমার মনে হয় খুব শিগগিরই আমরা দুই যুদ্ধের একটি সুন্দর সমাধান দেখতে পাব, যা সত্যিই ভালো হবে।”