এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

ইরান যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি দিয়েছেন কড়া সতর্কবার্তা।
পুতিন স্পষ্টভাবে বলেছেন, কোনো কারণে এই যুদ্ধবিরতি ভেঙে গেলে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই নয়, পুরো বিশ্বই ভয়াবহ ও ধ্বংসাত্মক পরিণতির মুখে পড়তে পারে।
বুধবার ইরান ইস্যু এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রায় ৯০ মিনিটেরও বেশি সময় ধরে টেলিফোনে কথা বলেন ট্রাম্প ও পুতিন। সেই আলোচনার সময়ই এই সতর্কবার্তা দেন রুশ প্রেসিডেন্ট।
মস্কোতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ক্রেমলিনের কর্মকর্তা এবং পুতিনের ঘনিষ্ঠ মুখপাত্র ইউরি উশাকভ। তিনি জানান, দুই নেতার এই ফোনালাপ ছিল খুবই স্পষ্ট এবং নির্দিষ্ট বিষয়কেন্দ্রিক।
উশাকভ বলেন, “আলোচনায় ইরান এবং পারস্য উপসাগরের বর্তমান পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পুতিন মনে করেন, ইরান নিয়ে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর ট্রাম্পের সিদ্ধান্ত সঠিক হয়েছে। এতে দুই দেশের মধ্যে আলোচনার সুযোগ তৈরি হবে এবং পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে।”
তবে এখানেই থেমে থাকেননি পুতিন। তিনি কঠোর ভাষায় সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধবিরতি ভেঙে আবার ইরানে সামরিক অভিযান শুরু করে, তাহলে এর প্রভাব শুধু ইরান বা আশপাশের অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না—বরং পুরো আন্তর্জাতিক সম্প্রদায় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।
পুতিন আরও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেসব মতবিরোধ রয়েছে, সেগুলোর সমাধানে কূটনৈতিক পথই সবচেয়ে কার্যকর উপায়। এই বিষয়ে তিনি ট্রাম্পকে সরাসরি পরামর্শও দিয়েছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি শান্তিপূর্ণ উপায়ে ইরানের সঙ্গে বিরোধ মেটাতে চায়, তাহলে রাশিয়া সব ধরনের কূটনৈতিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।