এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

গাজা উপত্যকার দিকে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌযানগুলো আটকাতে শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী। বুধবার (২৯ এপ্রিল) রাত থেকে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ট্র্যাকিং তথ্য অনুযায়ী এই ফ্লোটিলায় মোট ৫৮টি জাহাজ ছিল। আটকানোর সময় নৌবহরটি গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি অবস্থানে ছিল, যা তেল আবিব থেকে কয়েকশ নটিক্যাল মাইল দূরে।
এর আগেও একাধিকবার গাজায় আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করেছে সুমুদ ফ্লোটিলা। তবে সেসব ক্ষেত্রে ইসরায়েল গাজার উপকূলের কাছাকাছি পৌঁছানোর পরই নৌযানগুলো আটক করত। এবার তুলনামূলকভাবে অনেক আগেই অভিযান চালানো হলো।
ফ্লোটিলা আয়োজকদের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি নৌবাহিনীর এক কর্মকর্তা নৌবহরের কর্মীদের গতিপথ পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন।
তিনি বলেন, “আপনারা যদি গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চান, তাহলে তা স্বীকৃত চ্যানেলের মাধ্যমে করতে পারেন। অনুগ্রহ করে আপনার পথ পরিবর্তন করুন এবং যাত্রা শুরুর বন্দরে ফিরে যান। যদি মানবিক সহায়তা বহন করে থাকেন, তাহলে আশদোদ বন্দরের দিকে অগ্রসর হতে পারেন।”
এদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, আটক করা জাহাজগুলোর একটিতে ‘কনডম ও মাদকদ্রব্য’ পাওয়া গেছে।
তবে ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, তারা চলতি মাসের শুরুতে স্পেন থেকে যাত্রা শুরু করেন। এর আগে গত বছর সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ শতাধিক অংশগ্রহণকারী নিয়ে একই ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যেখানে সীমিত পরিমাণ মানবিক সহায়তা বহন করা হয়েছিল।