এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। দেশটিতে চলমান হামলা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেই তিনি এই মন্তব্য করেন।
মিডল ইস্ট আইয়ের বরাতে জানা গেছে, দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদের পরিদর্শনে গিয়ে ইয়াল জামির এই বক্তব্য দেন।
তিনি বলেন, “রাজনৈতিক নেতৃত্ব আমাদের যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা হলো এমন একটি অবস্থানে থাকা যাতে ইসরায়েলি জনপদগুলোতে সরাসরি কোনো হামলা না হয়। আমরা সেই লক্ষ্য অর্জন করেছি এবং বর্তমানে সেই অবস্থানেই আছি। হয়তো আমাদের এখানেই থাকতে হবে।”
সেনাদের উদ্দেশে তিনি আরও বলেন, “যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। উত্তর ইসরায়েলের জনপদ থেকে আসা সরাসরি ও পরোক্ষ হুমকি দূর করতে হবে।”
তিনি আরও দাবি করেন, “সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করতে হবে এবং তাদের খুঁজে বের করে নির্মূল করতে হবে।”
এদিকে গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২ হাজার ২৯০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সময়ে দেশজুড়ে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে চলমান এই পরিস্থিতিতে লেবাননে মানবিক সংকট আরও গভীর হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।